রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

প্রকাশিত - ২৩ মার্চ, ২০২৬   ০৩:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। ২৩ মার্চ সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই এবং কাস্টমস কর্মকর্তাদের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ওমানের মাস্কাট থেকে ‘সালাম এয়ার’-এর একটি ফ্লাইটে করে আতিকুর রহমান নামের এক যাত্রী চট্টগ্রামে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স ও এনএসআই-এর একটি যৌথ দল ওই যাত্রীর ওপর নজরদারি বাড়ায়। পরে তার ব্যাগেজ তল্লাশি করা হলে ভেতরে ৩০০ কার্টন সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, অভিযুক্ত যাত্রী আতিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। নিয়ম অনুযায়ী তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটগুলো ‘ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম’ মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে কড়াকড়ি বাড়ানো হয়েছে। এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।