রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৬   ০১:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানের আবরার আহমেদকে দ্য হানড্রেডের নিলামে কিনেছে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস। তারপর থেকে তোপের মুখে পড়েছে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের বয়কেটর ডাক দিয়েছেন ভারতীয় সমর্থকরা। কিন্তু যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

৮ মার্চ লন্ডনে অনুষ্ঠিত নিলামে আবরারকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে কিনেছে লিডস। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সম্ভবত দলটির জার্সি গায়ে দিতে পারবেন না তিনি। পাকিস্তান ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট খেলবে। প্রায় একই সময় ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হানড্রেড। জাতীয় দলের খেলা থাকার কারণে আবরারকে পিসিবি অনাপত্তিপত্র (এনওসি) দেবে না বলে ধারণা করা হচ্ছে।

এক সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ‘পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে। সেই বাস্তবতায় দ্য হানড্রেডে তার না-ও খেলা হতে পারে।’ তবে ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবরারের খেলা সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দেননি তিনি,  ‘এটা অনেক বড় অংকের টাকা। তার এজেন্ট নিলামে তার নাম রেখেছিল, তার মানে সে এনওসি পেতে আত্মবিশ্বাসী ছিল। পিসিবি প্রধানের সঙ্গে ভালো সম্পর্ক থাকা অল্প কয়েকজন ক্রিকেটারদের মধ্যে সে একজন। দ্য হানড্রেডে তার খেলার সম্ভাবনা ৫০-৫০।’

আবরারকে দলে নেওয়ার ব্যাপারে সানরাইজার্স কোচ ড্যানিয়েল ভেট্টরি বিবিসি স্পোর্টসকে বললেন, ‘ তার বৈচিত্র্যের দিক থেকে অনন্য এবং অনেক খেলোয়াড়, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটাররা তাকে আগে সেভাবে দেখেনি।’ তিনি আরও জানান যে, পাকিস্তানি খেলোয়াড়দের ঘিরে থাকা জল্পনা সম্পর্কে তিনি ‘অবহিত’ ছিলেন। তবে তিনি স্পষ্ট করে দেন যে, পাকিস্তানিদের দলে না নেওয়ার ব্যাপারে তাকে কোনো নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। প্রধান কোচের কথা, ‘আমরা যখন নিলামে আসি, তখন প্রতিটি খেলোয়াড়ই আমাদের জন্য উন্মুক্ত ছিল। যখনই এই বিকল্পটি সামনে আসে— আন্তর্জাতিক দলগুলোর অনেক ভালো স্পিনার সেখানে অপশন হিসেবে থাকলেও আবরারই ছিল আমাদের অগ্রাধিকার।"

নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় পাকিস্তানি খেলোয়াড় ছিলেন আবরার। তার আগে বার্মিংহাম ফিনিক্স ১৪০,০০০ পাউন্ডে আরেক রহস্যময় স্পিনার উসমান তারিককে দলে নেয়। অবশ্য ফিনিক্স দলের সঙ্গে আইপিএলের কোনো সংযোগ নেই। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।