রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানসিটির সামনে নিজেদের দুর্বল ভাবছে না রিয়াল

প্রকাশিত - ১১ মার্চ, ২০২৬   ০২:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক ইতিহাসে  রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই খুব সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। দুই দল মিলে ১৫ বার মুখোমুখি হয়ে প্রত্যেকে পাঁচটি করে জয়ের পাশাপাশি ৫টি ড্র হয়েছে। পরিসংখ্যান দুই দলের পক্ষে থাকলেও সম্প্রতি সিটির কাছে হেরে যাওয়ায় রিয়ালের মনোবলে আঘাত লাগার কথা। কিন্তু কোচ আলভারো আরবেলোয়া বললেন, ম্যানসিটির সামনে রিয়াল যেন হীনমন্যতায় না ভোগে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আজ প্রথম লেগে ম্যানসিটির মুখোমুখি রিয়াল। সবশেষ তাদের দেখা হয়েছিল ডিসেম্বরে লিগ পর্বে। আধিপত্য বিস্তার করে ২-১ গোলে জিতেছিল সিটি। ওই ম্যাচের ফলাফল আরবেলোয়ার পূর্বসূরি জাবি আলোনসোর বিদার ঘণ্টা বাজায়।

রিয়ালের ফর্ম ওই ম্যাচের পর থেকে অধারাবাহিক। সব প্রতিযোগিতা মিলে শেষ চার ম্যাচে দুটি হার। কিন্তু বুধবারের প্রথম লেগের আগে এক সংবাদ সম্মেলনে আরবেলোয়া বললেন, তার দল (সিটির) চোখে চোখ রেখে লড়াই করবে’।

আরবেলোয়া বলেছেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ, আমরা কখনো নিজেদের অন্যদের চেয়ে কম মনে করি না। কারো কাছে নিজেকে ছোট বা দুর্বল ভাবি না।’ তার আরও কথা, ‘আমরা প্রতিপক্ষ সম্পর্কে ভালো জানি। তাদের ক্লাব, কোচ (পেপ গার্দিওলা), খেলোয়াড় সম্পর্কে ভালো জানা আছে। দুই বছর আগে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু আমরা অনেক উত্তেজনা ও উৎসাহ দিয়ে খেলব। আগামীকাল আমরা জেতার জন্য খেলব।’

মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে বলেছেন, ‘গতবারের চেয়ে এটা একেবারে ভিন্ন ম্যাচ। এখন হোম অ্যান্ড অ্যাওয়ে। এটা বিভিন্ন বিষয়কে পাল্টে দেয়। কিন্তু দ্বিতীয় লেগের জন্য ভালো ফল পাওয়া গুরুত্বপূর্ণ। শেষবার যা হয়েছে, আমরা তার পুনরাবৃত্তি চাই না। সেবার আমরা নিজেদের ভুলে পা পিছলে পড়েছিলাম।’

এক দশকেরও বেশি আগে মাদ্রিদের হয়ে গার্দিওলার বার্সেলোনার মুখোমুখি হয়েছিলেন আরবেলোয়া। এবার তিনি কোচ হিসেবে প্রথমবার তার সামনে দাঁড়াবেন। রিয়াল কোচ বললেন, ‘(পেপ) সবসময় কোনো না কোনো চমক তৈরি করে রাখেন। তিনি একজন কোচ, তার দলগুলো দেখুন, যিনি সবসময় কিছু না কিছু প্রস্তুত রাখেন, কারণ তিনি নানা বৈচিত্র ব্যবহার করতে পারেন। তাদের দলের গঠন, আক্রমণের ধরন কিংবা যে খেলোয়াড়কে ইদানিং মাঠে দেখা যায়নি– এসবের মধ্যে যদি কোনো পরিবর্তন না থাকে, তাহলে আমি অবাক হবো।’

বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা সম্প্রতি রেডিও ইন্টারভিউতে দাবি করেন, রিয়াল রেফারিদের প্রভাবিত করে। তার এমন মন্তব্যের জবাবে স্পেনের রেফারিং কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে বার্সার আর্থিক লেনদেনের তদন্তের বিষয়টি নিয়ে খোঁচা দেন রিয়াল কোচ।

আরবেলোয়া বলেন,‘প্রার্থী লাপোর্তা?’ আমি মনে করি তিনি সেই ব্যক্তি, যিনি নেগ্রেইরাকে অর্থের পরিমাণ চারগুণ বাড়িয়ে দিয়েছেন। আর বেশি কিছু বলার প্রয়োজন নেই।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।