রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা বাড়াতে বৈঠক

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ১১:৫০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাণিজ্য, শিক্ষা এবং এভিয়েশন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রসার এবং বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা ক‌রে‌ছে উভয় পক্ষ। স্থানীয় সময় ৯ মার্চ লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট এমপির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এসব আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বিস্তার, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় উভয় পক্ষ চলতি মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

এদিকে, বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন অব ডনকাস্টার ডিবিই লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র উপদেষ্টা রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে প্রতিনিধিদল দুটি পৃথক বৈঠকও করে।

অন্যদিকে ২০২৭–২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ড্যাপো আকান্দে পররাষ্ট্র উপদেষ্টা রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রার্থিতা উপস্থাপন করেন। সাক্ষাতে উভয় পক্ষ বিভিন্ন বহুপাক্ষিক ফোরাম ও আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এ অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।