রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাড়ি আখনি

প্রকাশিত - ২১ জানুয়ারি, ২০২৬   ০৯:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসছেন। তাঁর আগমন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে চলছে নানা আয়োজন। রান্না করা হচ্ছে ৪০ হাড়ি আখনি।

বিএনপি সূত্র জানিয়েছে, বুধবার রাতে স্বপরিবারে বিমানযোগে সিলেটে পৌঁছে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন তিনি। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে। 

এই সফরকে কেন্দ্র করে তারেক রহমানের শ্বশুরবাড়ি এলাকায় আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। চলছে সাজসজ্জা ও আলোবাতি প্রজ্জলনের প্রস্তুতি। জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক ও সিলাম এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম স্বপন জানান, বহু বছর পর তারেক রহমানের আগমন উপলক্ষে দোয়া মাহফিল ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা সবাই আনন্দিত। এ উপলক্ষে ৪০ হাড়ি আখনি রান্না করা হচ্ছে। দোয়ার পর প্রায় ১২ হাজার মানুষের মধ্যে শিরণী বিতরণ করা হবে।’

জুবাইদা রহমানের চাচাতো ভাই জাহাঙ্গীর আলী খান বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হওয়ায় চাইলেও অনেক কিছু করা সম্ভব হয়নি। তারপরও শতাধিক মানুষ পৈতৃক বাড়ির মেরামত ও চার দিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যুক্ত ছিলেন, যেন তিনি এসে একটি আন্তরিক ও সুন্দর পরিবেশ পান।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত ওই বাড়িতে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান। এর আগে ২০০৪ সালে তিনি সেখানে প্রথমবারের মতো যান। প্রায় ২১ বছর পর আবারও তাঁর সফর ঘিরে এলাকাজুড়ে আলাদা এক আগ্রহ তৈরি হয়েছে।’

জামাইয়ের আগমন উপলক্ষে পারিবারিক পরিসরে আপ্যায়ন, দোয়া ও মোনাজাতের আয়োজন রাখা হয়েছে। বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়া এবং পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণেও বিশেষ দোয়ার ব্যবস্থা থাকবে।তারেক রহমান ও জুবাইদা রহমানের বিয়ে হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি। জুবাইদা রহমানের বাবা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্বেও ছিলেন।

শ্বশুরবাড়িতে তারেক রহমানের আগের সফরের কথা স্মরণ করে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সে সময় তাঁর সঙ্গে ছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘদিন পর আবার সেই বাড়িতে যাওয়া দক্ষিণ সুরমার মানুষের জন্য আবেগঘন একটি ঘটনা। তারা সিলেটের জামাইকে এক নজর দেখতে মুখিয়ে আছেন।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টাস্থ সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি। 

সিলেটের কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি জনসভায় অংশ নেবেন তিনি। এসব সভায় সংশ্লিষ্ট সিলেট বিভাগের চার জেলার ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।