রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৬   ১০:৫৮ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।  আজ (রোববার) ৪ জানুয়ারি  সকাল সোয়া ১০টার পর তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন।  এ সময় তাদের ‘দাবি মোদের একটাই, সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়। অবরোধের কারণে ফার্মগেট ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এই গড়িমসির প্রতিবাদে তারা ফার্মগেট ব্লকেড কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, ঘটনার পর চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। পরে আরও ৪৮ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। তাদের দাবি, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

ফারহান আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তার না হওয়ায় আমরা চরম উদ্বেগের মধ্যে রয়েছি। তাই বাধ্য হয়েই আমরা ফার্মগেট ব্লকেড, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছি। তিনি আরও বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে আসামিদের শনাক্ত করা গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাই এবং দাবি জানাতে চাই, যেন তিনি নাম প্রকাশ করে মামলা করেন। এই দাবি মানা না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচিতে যাবে।

অন্যদিকে সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় আন্দোলনের ঘোষণা দেওয়ায় তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসাথে কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।  প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।