রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি

প্রকাশিত - ২২ ডিসেম্বর, ২০২৫   ০১:৩৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন নাসির উদ্দিন। আজ (সোমবার) ২২ ডিসেম্বর সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, ভোটের আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইসি মনে করছে, যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা তত উন্নত হবে। নিবন্ধনের হার বাড়াতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কমিশনকে। সম্প্রতি কানাডায় পোস্টাল স্ট্রাইক (ডাক ধর্মঘট) চলাকালীন প্রতিবন্ধকতা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন জটিলতা সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ ছাড়াও একাধিক সাইবার অ্যাটাক মোকাবিলা করে সিস্টেমটিকে সুরক্ষিত রাখা হয়েছে। নিরাপত্তা ও জনমনে আস্থা ফিরবে জানিয়ে তিনি বলেন, ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী। সাম্প্রতিক ‘হাদি ইস্যু’ নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে। প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর এবং এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে বলে জানান সিইসি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।