রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ২৫ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম

প্রকাশিত - ০৯ ডিসেম্বর, ২০২৫   ০৬:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশ ও নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর নিশ্চয়তা পেতে শিক্ষা মন্ত্রণালয়কে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। একইসাথে মন্ত্রণালয়ের আশ্বাসে তারা চলমান আন্দোলনও সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্পষ্ট সিদ্ধান্ত না এলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ (মঙ্গলবার) ঢাকা কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষার্থীরা৷ তারা বলেন, সাত কলেজ ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই বঞ্চনা, অব্যবস্থাপনা ও মানসম্মত শিক্ষার সংকটে ভুগছে। তাই দেড় বছর ধরে তারা সাত কলেজকে একত্রিত করে নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি  প্রতিষ্ঠার দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের শোষণ–বঞ্চনার অবসান হবে এবং উচ্চশিক্ষায় গুণগত মান ও গবেষণার পরিবেশ তৈরি হবে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রকাশের কয়েক মাস পেরিয়ে গেলেও ‘শিক্ষা সিন্ডিকেট’ ও বিভিন্ন মহলের চাপে সরকার অধ্যাদেশটি এখনো চূড়ান্ত করছে না। এ অবস্থায় গত ৭ ডিসেম্বর তারা শিক্ষা ভবনের সামনে এক দফা দাবি অর্থাৎ দ্রুত অধ্যাদেশ প্রকাশ ও নতুন সেশনে ক্লাস শুরুর দাবিতে টানা অবস্থান কর্মসূচি শুরু করেন। গতকাল দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ডেকে আলোচনা করা হয়। বৈঠকে শিক্ষা উপদেষ্টাসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পরিমার্জিত খসড়া ২৫ ডিসেম্বরের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় তোলা হবে। তবে খসড়া বা চূড়ান্ত অধ্যাদেশ কবে প্রকাশ পাবে—সে বিষয়ে স্পষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। নবীন শিক্ষার্থীদের ক্লাস ১ জানুয়ারি থেকে শুরু করার কথাও সেখানে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী রবিন হোসেন বলেন, আমরা বরাবরই সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি শ্রদ্ধাশীল এবং এবারও প্রতিশ্রুত সময়সীমাকে সম্মান জানাতে চান। তবে অধ্যাদেশে যদি শিক্ষার্থীদের অধিকার, গুণগত শিক্ষার নিশ্চয়তা ও দীর্ঘদিনের দাবি অক্ষুণ্ন না থাকে, তাহলে শিক্ষার্থীরা সেই অধ্যাদেশ মানবে না। আমাদের আশঙ্কা, আগের খসড়ায় বড় ধরনের সংশোধনী এনে ষড়যন্ত্রকারীরা শিক্ষার্থীদের অধিকার খর্ব করার চেষ্টা করতে পারে। তিনি বলেন, আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত আন্দোলনের এক দফা কর্মসূচি স্থগিত রাখবো। সাত কলেজের সব শিক্ষার্থীও এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি সরকার প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে পরিস্থিতি বিবেচনায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।