রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াডে বাংলাদেশি ফুটবলার

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ০৪:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০২৪ সালে নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই খেলেছিল বাংলাদেশ। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলেছিলেন অস্ট্রেলিয়ান আরহাম ইসলাম। এক বছর পর তিনি অস্ট্রেলিয়ার অ-২০ দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন।  অস্ট্রেলিয়া ডিসেম্বরে মাঝামাঝি জাপানে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে। সেখানে স্পেনের অ-২০ দলও খেলবে। জাপানের জাতীয় অ-২০ দলের পাশাপাশি জাপানের ক্লাব দলের সঙ্গেও এক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সম্প্রতি ফিফা অ-২০ টুর্নামেন্ট খেলেছে। তারপর তারা নতুন উদ্যমে গড়ে ওঠার লক্ষ্যে জাপানের এই টুর্নামেন্টে ২০ জনের স্কোয়াড করেছে, যার মধ্যে ১৩ জনই অস্ট্রেলিয়ার জুনিয়র দলে অভিষেকের অপেক্ষায়। ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা বাংলাদেশের আরহাম তাদের একজন। 

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের ম্যানেজার ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক জাহিদ হাসান এমিলি। বাংলাদেশের হয়ে খেলা আরহামের অস্ট্রেলিয়ার জুনিয়র দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে তিনি বলেন, ‘একজন বাংলাদেশি অস্ট্রেলিয়া জুনিয়র দলে খেলবে, এটা খুব গর্বের। অ-২০, এরপর-২৩, পরে জাতীয় দল। তার যে যোগ্যতা, সে একদিন অস্ট্রেলিয়া দলেও খেলতে পারে। আবার হতাশার ব্যাপার হলো, বাংলাদেশে সে অ-১৭ দিয়ে শুরু করলেও বাস্তবতা বিবেচনায় তাকে বাংলাদেশ আর নাও পেতে পারে।’

আরহাম ফরোয়ার্ড পজিশনে খেলেন। কম্বোডিয়া টুর্নামেন্টে তিনি ভালোই খেলেছিলেন। গত এক বছরে বাংলাদেশ অ-১৯ ও ২৩ টুর্নামেন্টের বাছাই খেলেছে। সেখানে আরহামকে ডাকা হয়নি। এ নিয়ে এমিলি খানিকটা আফসোসের সুরে বলেন, ‘গত এক বছর আরহাম বা তার পরিবারের সঙ্গে ফেডারেশন যোগাযোগ রেখেছে কিনা আমার জানা নেই। অনূর্ধ্ব ২৩ কিংবা অন্য টুর্নামেন্টেও তাকে খেলানোর জন্য ডাকা যেত। সে ও তার পরিবার বাংলাদেশকে প্রথম গুরুত্ব দেওয়ার কারণে বাংলাদেশ অ-১৭ দলে খেলেছে। এরপর ফেডারেশনের উচিত ছিল তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা, কারণ সে অত্যন্ত ভালো মানের খেলোয়াড়।’ কম্বোডিয়ায় বাংলাদেশের ওই দলের কোচ ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তিনি পরবর্তীতে অ-২৩ দলের কোচ হন। ওই দলে আরহাম ডাক পাননি। তখন এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। আজ অস্ট্রেলিয়া অ-২০ দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার পর তিনি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেটা শঙ্কাজনক। তবে টেকনিক্যাল ডিরেক্টর জানিয়েছেন, আরহাম ও তার বাবার সঙ্গে ফেডারেশনের যোগাযোগ রয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।