রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ ঘণ্টা কর্মবিরতি পালন

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা ঢামেক হাসপাতালের বহির্বিভাগে এ কর্মবিরতি চলে। এসময় হাসপাতালের জরুরি বিভাগের এক্স-রে ও সিটি স্ক্যান সেবা স্বল্প পরিসরে চললেও বহির্বিভাগের রেডিওলজি বিভাগ বন্ধ রাখা হয়। বন্ধ রাখা হয় রোগীদের বিনামূল্যে দেওয়া ঔষধ সরবরাহ ভবনের গেটও (মেডিসিন স্টোর)।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা মঈন উদ্দিন মঞ্জু বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারবার উত্থাপন করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়- নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশে মন্ত্রণালয় সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।

বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সিকদার মো. জসিম বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারা দেশের সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয় মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন যাবত চরম বৈষম্যের শিকার হয়ে মানবসেবা চালিয়ে যাচ্ছেন। অন্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উত্তীর্ণ হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়– ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড এখনো বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, দাবি আদায়ে গত ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত আমরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি। দাবি মানা না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।