রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত - ২৬ নভেম্বর, ২০২৫   ০৪:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চীনের চংকিনে এএফসি অ-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত। আজ তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে। প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে ব্রুনাই দারুসসালামকে হারিয়েছিল বাংলাদেশ। আজ শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোল, ইকরামুল, মানিক ও বায়েজিদ একটি করে গোল করেন। বাংলাদেশ পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের উপর চাপ বজায় রাখে। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পাঁচ মিনিটের ব্যবধানে বাংলাদেশ দুই গোল পায়। ২৪ মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। এরপর অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো তিন গোল করে। ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়জিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ-ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন। বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, 'আমাদের ছেলেরা ৯০ মিনিট ভালো ফুটবল খেলেছে। গোলের সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সবার কাছে দোয়া চাই।' এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুরলেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর বাহরাইনের বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মুল প্রতিদ্বন্দ্বী মুলত চীন ও বাহরাইন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।