রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে ভারত-পাকিস্তান

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ০৫:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ফেব্রুয়ারি-মার্চে হবে ২০ দলের এই প্রতিযোগিতা। আইসিসির মেগা ইভেন্টটির ড্র অনুষ্ঠিত হবে চলতি নভেম্বরের ২৫ তারিখ, ভারতের মুম্বাইতে। ফলে কে কোন গ্রুপে পড়ছে তা জানতে দিন দুয়েকের অপেক্ষা। তবে সম্ভাব্য গ্রুপিং প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকার নিরিখে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস করছে আইসিসি। মোট চারটি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দেশ। প্রতিটি গ্রুপের প্রথম দু’টি দল উঠবে সুপার এইট-এ। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় ভারত রয়েছে এক নম্বরে। সূর্যকুমার যাদবদের সঙ্গে একই গ্রুপে থাকবে ক্রমতালিকায় সাত নম্বরে থাকা পাকিস্তান, ১৩ নম্বরে থাকা নেদারল্যান্ডস, ১৫ নম্বরে থাকা নামিবিয়া এবং ১৮ নম্বরে থাকা আমেরিকা। ভারত এবং পাকিস্তান ছাড়া আর কোনও টেস্ট খেলুড়ে দেশ থাকবে না এই গ্রুপে।

অন্যদিকে, শ্রীলঙ্কার গ্রুপে থাকবে চারটি টেস্ট খেলুড়ে দেশ। ক্রমতালিকায় আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে থাকবে অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১), আয়ারল্যান্ড (১২) এবং ওমান (২০)। ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের সঙ্গে থাকবে ওয়েস্ট ইন্ডিজ (৬), বাংলাদেশ (৯), নেপাল (১৭) এবং ইতালি। বাছাইপর্ব পেরিয়ে আসা ইতালি ক্রমতালিকায় ২৮ নম্বরে রয়েছে। গত বিশ্বকাপের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্বে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে। ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা প্রোটিয়াদের খেলতে হবে নিউজিল্যান্ড (৪), আফগানিস্তান (১০), সংযুক্ত আরব আমিরাত (১৬) এবং কানাডার (১৮) সঙ্গে। আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই ছাড়াও কলকাতা এবং চেন্নাইয়ে হবে বিশ্বকাপের ম্যাচ। শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা। দু’টি স্টেডিয়াম কলম্বোয় এবং একটি ক্যান্ডিতে। ফাইনাল হতে পারে আহমেদাবাদে। দু’টি সেমিফাইনাল হতে পারে কলকাতা এবং মুম্বাইয়ে। তবে পাকিস্তান সেমিফাইনাল এবং ফাইনাল খেললে ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।