রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি বিএসসি, শেয়ারে বড় দরপতন

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০২:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০২৪-২৫ অর্থবছরে ভালো মুনাফা করেছে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। আলোচিত অর্থবছরে কোম্পানির মুনাফা বেড়েছে প্রায় ২৩ শতাংশ। তা সত্ত্বেও কোম্পানিটি আগের অর্থবছরের ধারাবাহিকতায় ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। মুনাফা বাড়ার পরও লভ্যাংশ না বাড়ানোয় কোম্পানির শেয়ারে আজ বড়ো দরপতন দেখা গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এই লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। বুধবার (১২ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর লভ্যাংশের সুপারিশ করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১৬ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির ইপিএস বেড়েছে ৩ টাকা ৭৩ পয়সা বা ২২ দশমিক ৭৯ শতাংশ। আলোচ্য অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৯৬৭ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ৩১ টাকা ৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৪ টাকা ৮৪ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ১০১ টাকা ৯৭ পয়সা।

এদিকে, প্রচলিত নিয়ম অনুযায়ী, আজ লভ্যাংশ ঘোষণা পরবর্তী প্রথম কার্যদিবসে কোম্পানির শেয়ার লেনদেন সার্কিট ব্রেকারের আওতামুক্ত থাকছে। দুপুর ১টা পর্যন্ত কোম্পানির শেয়ারদর ৮ টাকা ৪০ পয়সা বা প্রায় ৮ শতাংশ কমে ৯৯ টাকা ৭০ পয়সায় নামতে দেখা যায়। ঘোষিত লভ্যাংশ ও আলোচিত অর্থবছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এজিএমের স্থান পরে জানাবে কোম্পানিটি। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।