রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০১:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা যাচাইয়ে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)।  বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় আছে কিংবা ছোটোখাটো মেরামতের প্রয়োজন—এমন প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চেয়েছে ইসি। বুধবার ৫ নভেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকার আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলোতে অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলোর তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে। ইসির নির্দেশনায় আরও বলা হয়, এসব ভোটকেন্দ্রের তালিকা নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে। তালিকাটি হার্ড কপি ও নিকস ফন্টে সফ্টকপি আকারে জমা দিতে হবে। এছাড়া একই দিনে ইসি আরেকটি নির্দেশনা জারি করে জানিয়েছে, যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা আছে, সেগুলোরও একটি বিস্তারিত তালিকা দ্রুত পাঠাতে হবে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সিসি ক্যামেরা-সংবলিত ভোটকেন্দ্রের তালিকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে। এই তালিকাটিও হার্ডকপি ও সফ্টকপি উভয় আকারে নির্ধারিত ছক মোতাবেক জমা দিতে হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ পদক্ষেপের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, অবকাঠামোগত উপযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রযুক্তিনির্ভর করতে কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।