রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র, গতি শব্দের চেয়ে তিনগুণ

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০৩:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক পর্যায়েও পৌঁছাতে পারবে। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মঙ্গলবার (৪ নভেম্বর) মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বলেন, “নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছে। এ ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে তিনগুণেরও বেশি হবে, ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতেও পৌঁছাবে।” ক্রেমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পারমাণবিকচালিত ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ব্যবহারের জন্য ‘পোসেইডন’ নামে অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন।

তিনি আরও জানান, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে, যেগুলো বুরেভেসনিক ও পোসেইডনের মতো একই ধরনের শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি হবে। পুতিন বলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরি রাশিয়ার মানুষের জন্য “ঐতিহাসিক” অর্জন, যা “আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে।” তিনি দাবি করেন, গত ২১ অক্টোবর বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় পরীক্ষাস্থলের কাছাকাছি ন্যাটোর একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, কিন্তু মস্কো “তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি।” পুতিন আরও বলেন, পোসেইডন প্রকল্প বুরেভেসনিক তৈরির কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি অনন্য এবং একে অপরের পরিপূরক। তার দাবি, এ দুটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত দেশীয় প্রযুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বেসামরিক খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে। রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে। তিনি আরও বলেন, “এই বছর আমরা সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে যুদ্ধ-পরীক্ষায় ব্যবহার করবো এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গ যুদ্ধ-অবস্থানে মোতায়েন করা হবে।” এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, বুরেভেসনিকের “গুরুত্বপূর্ণ পরীক্ষা” সম্পন্ন হয়েছে। সে সময় রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। পুতিন সেসময় আরও বলেন, ২০১৮ সালে প্রথম ঘোষণা দেওয়া বুরেভেসনিক ও পোসেইডন ক্ষেপণাস্ত্র দুটি “অদ্বিতীয়” এবং “অসীম পাল্লার” ক্ষমতাসম্পন্ন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।