রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেবের নায়িকা হওয়ার কথা ছিল, ফারিণকে পেয়ে নায়ক যা বললেন

প্রকাশিত - ২৭ অক্টোবর, ২০২৫   ০৩:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্র জগতেও বেশ পরিচিতি মুখ তাসনিয়া ফারিণ। বছর দুয়েক আগে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’তে অভিনয় করে দর্শকের মন জয় করেন; পর্দা ভাগ করে নিয়েছিলেন ক্যামেরার পেছনের শিল্পী কৌশিক গাঙ্গুলির সঙ্গে। তাসনিয়ার সেই রেশ এখনও ভোলেনি কলকাতা। এরপর দেবের সঙ্গে সিনেমার জন্য ডাকও পান অভিনেত্রী। কিন্তু ভিসা জটিলতায় হাতছাড়া হয়ে যায় সুযোগ। অবশেষে কাঁটাতারের ওপারে যাওয়ার সুযোগ মেলে ফারিণের, সেখানে দেবের মুখোমুখিও হন অভিনেত্রী; কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হয়! বর্তমানে কলকাতা সফরে রয়েছেন ফারিণ, ঘুরঘুর করছেন টালিগঞ্জের অন্দরে। অভিনেতা চঞ্চল চৌধুরীও সেখানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ ছবির শুটিংয়ে ব্যস্ত। সেখানে দেখাও হয় তাদের; অভিনেত্রী কোয়েল মল্লিকের বিশেষ সাড়া পেয়ে তার সিনেমা ‘স্বার্থপর’ দেখলেন বাংলাদেশের দুই তারকা।

এরই মধ্যে রোববার (২৬ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তাসনিয়া ফারিণ। এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, দেশের বিনোদন অঙ্গনের অবস্থা নিয়ে বিস্তর কথা বলেন অভিনেত্রী। তবে এই সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদি নিয়ে একাধিক প্রশ্ন ছোড়া হয় তাকে। তাসনিয়ার স্পষ্ট জবাব, তিনি রাজনীতিমনস্ক নন, শিল্পী হিসেবে এসব বিষয়ে কথা না বলাই শ্রেয় মনে করেন। কলকাতাকে ভালোবাসেন তাসনিয়া ফারিণ। বাঙালির পূজা পার্বণের সময়টাতে কলকাতা সফর তাকে আরও আনন্দিতও করেছে। স্থানীয় পছন্দের খাবারগুলোও ট্রাই করছেন। এরই মধ্যে গুঞ্জন ওঠে, অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে ফারিণ-চঞ্চলকে। তবে এ প্রসঙ্গে স্পষ্ট নন ফারিণ। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আগামী ছবি কি না জানি না। তবে অনেক আগে থেকেই টোনিদার (অনিরুদ্ধ রায়চৌধুরী) সঙ্গে কথা চলছে। তার সঙ্গে কাজের জন্য মুখিয়ে। আর চঞ্চলদা সেই কাজে থাকবেন কি না এটাও কিন্তু জানি না।’ 

কিন্তু দেবের নায়িকা হওয়ার সুযোগ তো হারিয়েছিলেন ফারিণ! এই কথা শুনে ফারিণ বলেন, ‘আর বলবেন না! ওনারা অনেক দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিলেন। আমিও আসার খুবই চেষ্টা করেছি। বেশ টানাপড়েন গেছে তখন। শেষ পর্যন্ত ব্যাটে-বলে হল না। এই তো, দিন দুই আগে ‘স্বার্থপর’ ছবির প্রিমিয়ারে দেখাও হল দেবদার সঙ্গে। বললেন, “যাক! অবশেষে এলে। দেখা হল আমাদের।” এর আগে দেবদার সঙ্গে সব কথা ফোনে হয়েছিল। মুখোমুখি এই প্রথম।’ দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনের পার্থক্য নিয়েও কথা বলেন ফারিণ। তার কথায়, ‘কাজের ধরনে পার্থক্য রয়েছে, এখানকার কাজ অনেক বেশি সুসংগঠিত, পেশাদার। তবে আমাদের এখানকার তুলনায় খুব বেশি আলাদা না। এখন আমাদের বাজেটে পরিবর্তন এসেছে, বড় বাজেটের কাজ হচ্ছে। প্রযোজনাতেও পেশাদারিত্ব এসেছে। আবার একই ভাষা, দুই দেশের পরিবেশ এক, আমরা দেখতেও এক— পার্থক্য কই?’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।