রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজ ঢাকায় জামায়াত সহ ৮ দলের বিক্ষোভ

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ০২:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: জুলাই জাতীয় সনদে সই করার পর এবার সনদ বাস্তবায়নে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ আট দল। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ পর্বের কর্মসূচি পালন করতে যাচ্ছে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করাসহ সাতটি অভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা। গতকাল রোববার ১৯ অক্টোবর  জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আজ সোমবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল রয়েছে। এ ছাড়াও ২৫ অক্টোবর সব বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে তারা। সংবাদ সম্মেলনে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

গত সেপ্টেম্বর থেকে প্রায় অভিন্ন কয়েকটি দাবিতে জামায়াতসহ আটটি দল বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। প্রথম পর্বে রাজধানীসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর গত ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় পর্বের কর্মসূচি পালন করে তারা। এসময় গোলটেবিল আলোচনা, মতবিনিময়, সেমিনার আয়োজন, গণমিছিল ও প্রধান উপদেষ্টা বরারব স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করেছে তারা। সর্বশেষ গত ১৪ ও ১৫ অক্টোবর যুগপৎ আন্দোলনের তৃতীয় পর্বে রাজধানীসহ সারা দেশে মানববন্ধন করে দলগুলো। প্রসঙ্গত, গত শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই সনদে সই করে জামায়াত, ইসলামী আন্দোলন, দুই খেলাফত মজলিস। সই করার পরও কেন আন্দোলন– এমন প্রশ্নে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট। যেসব সংস্কারে আমরা সবাই একমত, সেজন্য স্বাক্ষর করেছি। এখনও সনদ বাস্তবায়নের কাজ বাকি। তাই সনদকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে। তারপর জাতীয় নির্বাচন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।