রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে প্রধান উপদেষ্টা : ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ

প্রকাশিত - ১০ অক্টোবর, ২০২৫   ১২:৩২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন।

সাক্ষাতে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি এবং নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়েও মতবিনিময় হয়।

অধ্যাপক ইউনূস বলেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। 

তিনি উল্লেখ করেন, ‘গত ১৬ বছরে যা হয়েছে, তা নির্বাচনের নামে এক প্রহসন ছিল।’ তিনি আরও জানান, নির্বাচনের পর তিনি তাঁর পূর্বের কাজ ও পেশায় ফিরে যাবেন।

প্রধান উপদেষ্টা ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে।

বাণিজ্য দূত রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসায়িক নিয়ম-কানুন, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব এবং দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগেরও প্রশংসা করেন।

সাক্ষাতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ এবং উপকূলীয় টহল জাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।