রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে এক বছরে কুকুরের কামড়ে আক্রান্ত ১০ হাজার মানুষ

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৫   ০৩:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে বেওয়ারিস কুকুর।  জেলায় এক বছরে কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে ১০ হাজার মানুষ। একই সময়ের মধ্যে এলাকায় ৩০ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, এই সেপ্টেম্বর মাসেই জেলা সদর হাসপাতালে কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে ২ হাজার ৪শ ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই সদর হাসপাতালে ভিড় করছেন নানা বয়সি মানুষ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। আক্রান্তদের ভ্যাকসিন দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। 

সদর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুর সদর হাসপাতালে কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ে আক্রান্ত হয়ে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। প্রতিজন আক্রান্ত ব্যক্তিকে তিন ডোজ করে ভ্যাকসিন নিতে হয়। এ হিসেব অনুযায়ী এক বছরে জেলায় ৩০ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। জানা যায়, প্রতিদিন নানা বয়সি মানুষ কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নেন। এই সংখ্যা প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। শুধু সদর হাসপাতালেই নয়, কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভিড় করছেন আক্রান্ত ব্যক্তিরা। আক্রান্তের সংখ্যা অনুযায়ী ভ্যাকসিন পর্যাপ্ত নয়। দ্রুত ভ্যাকসিন সরবরাহ দেয়ার দাবি জানান স্থানীয়রা। 

এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর আগে একটি পাইলট প্রকল্পের আওতায় পৌর এলাকায় কয়েক হাজার কুকুরকে ‘জলাতঙ্ক রোধক’ টিকা দেওয়া হলেও সেটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এতে টিকা সংকট  তৈরি হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে বেওয়ারিস কুকুর নিধন বন্ধ রয়েছে। বেশিরভাগ সময় যাতায়াত করতে গিয়ে কুকুরের আক্রমণের শিকার হতে হচ্ছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন  আক্রান্ত ব্যক্তিরা। আক্রান্তদের সাথে কথা বলে জানা যায়, রাস্তায়, বাসাবাড়িতে এবং স্কুলে যাতায়াত করার সময় হঠাৎ করে কুকুরের আক্রমণের শিকার হতে হচ্ছে। গত কয়েকমাস ধরে কুকুরের উৎপাত বেড়েছে কয়েকগুণ। ফলে কুকুরের ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে যেতে ভয় পাচ্ছে। কুকুরের কামড়ে আক্রান্তের স্বজন আনোয়ার হোসেন ও কফিল উদ্দিন বলেন, কুকুরের কামড়ের পর ভ্যাকসিন দিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনে দিতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়। 

সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. রোকুনুজ্জামান বাসসকে বলেন, সেপ্টেম্বর মাসে ৮শ আক্রান্ত মানুষকে ২৪০০ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এ নিয়ে গত এক বছরে ১০ হাজার মানুষকে প্রায় ৩০ হাজার ডোজ ভ্যাকসিন দেয়া হয়। এছাড়া প্রতিদিন ১০০ থেকে ১৫০ মানুষ কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতাল ভ্যাকসিন নিতে আসে।  পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, কুকুর নিধনে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় ব্যবস্থা নেয়া যাচ্ছে না। আবারও নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়া হবে। এর বাইরে করার কিছু নেই। কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সবাইকে সচেতন হয়ে চলাচল করার অনুরোধ জানান। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অরুপ পাল বাসসকে বলেন, পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। কোন সংকট নেই। হঠাৎ করে সড়কে কুকুর বেড়ে যাওয়া ও প্রাণীদের উত্ত্যক্ত করার কারণে এমনটা হতে পারে। তিনি বলেন, হাত-পিঠ ও গালসহ শরীরের বিভিন্ন অংশে কুকুর বিড়াল কামড় দিলে আক্রান্ত স্থান দ্রুত সাবান পানি বা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর দ্রুত হাসপাতালে এসে ভ্যাকসিন ও চিকিৎসা নিতে হবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।