রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কেবল এটাই সূর্যকুমারের দলের শক্তিমত্তা জানান দেওয়ার জন্য যথেষ্ট। তারওপর সাম্প্রতিক পরিসংখ্যান ও ফর্ম সবকিছুই রয়েছে তাদের পক্ষে। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ৩৫ টি-টোয়েন্টির ৩২টিতেই জিতেছে তারা। তবে নিজেদের দিনে বাংলাদেশও যে ‘যে কাউকে’ হারাতে পারে সেটাও সবার জানা। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করা লিটন দাসের দল আজও (বুধবার) মাঠে নামবে সেই আশায়।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচের আগে সব পরিসংখ্যানই ভারতের পক্ষে থাকলেও, বাংলাদেশ আশা রাখতে চায় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে সুর মিলিয়ে। তিনি বলেছেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কী করেছে সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলে জয়ের চেষ্টা করব।’

এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটি এখন আলোচনার বিষয়বস্তু। ধারণা করা হচ্ছে, ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে টাইগাররা। পরিবর্তন আনার পেছনে যেমন খেলোয়াড়দের ফর্ম গুরুত্বপূর্ণ, তেমনি দলটির বিপক্ষে ক্রিকেটারদের অতীত রেকর্ডও বিবেচ্য বিষয়। টাইগারদের ওপেনিংয়ে আগের দুই ম্যাচ খেলা সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের থাকাটা অনেকটাই নিশ্চিত। তিনে যথারীতি লিটন দাস, যদিও বাংলাদেশ অধিনায়কের চোট রয়েছে। গুরুতর না হলেও, শেষ পর্যন্ত তিনি না থাকলে একাদশে নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে।

এ ছাড়া আগের ম্যাচ জয়ে ভূমিকা রাখা তাওহীদ হৃদয় ছাড়াও জাকের আলি অনিক ও শামীম পাটোয়ারীদের বাদ পড়ার সম্ভাবনা কম বললেই চলে। একইভাবে ফর্ম এবং প্রতিপক্ষের বাঁ–হাতি ব্যাটসম্যানের আধিক্য বিবেচনায় স্পিন বিভাগে যথারীতি নাসুম আহমেদ ও শেখ মেহেদী খেলতে পারেন। তেমনটা হলে আগের ম্যাচে না থাকা রিশাদ হোসেনের ফেরার সম্ভাবনা নেই। এ ছাড়া ভারতের বিপক্ষে তার ইকোনমিও ব্যয়বহুল। একই কথা পেসার শরিফুল ইসলামের ক্ষেত্রেও। ফলে তার জায়গায় তানজিম হাসান সাকিব ফিরতে পারেন। আর তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান তো থাকছেনই!

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা মাত্র একবার জয় পেয়েছে। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩ বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)/নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।