রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তানসহ ৭টা যুদ্ধ থামিয়েছি, আমার নোবেল পাওয়া উচিত: ট্রাম্প

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ০২:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্যের মাধ্যমে তিনি ভারত-পাকিস্তানের সংঘাত থামিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব তার, আর এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তার মতে, তার থামানো সাতটি যুদ্ধের প্রতিটার জন্যই আলাদা করে নোবেল পুরস্কার পাওয়া উচিত তার। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শনিবার  (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে এখন আমরা এমন কাজ করে সম্মান অর্জন করছি, যা আগে কখনো এমন সম্মান পাওয়া যায়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। আমরা ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি।”

তিনি আরও বলেন, “একবার ভারত আর পাকিস্তানের সংঘাতের কথা ভেবে দেখুন। জানেন আমি সেটা কীভাবে থামালাম? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। দুই দেশের নেতাকেও আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তবে একবার দেখুন তো, কতগুলো যুদ্ধ আমরা থামিয়েছি— ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো। সব মিলিয়ে ৬০ শতাংশ যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে।” ট্রাম্প আরও বলেন, “ভারতের সঙ্গে যেমন বলেছিলাম, যদি যুদ্ধ চালাও তবে কোনো বাণিজ্য হবে না। আর মনে রাখো, তাদের পারমাণবিক অস্ত্র আছে। এরপর তারা থেমে যায়।”

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, অনেকে তাকে বলেছেন- যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন তবে নোবেল পুরস্কার পাবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বলি, তাহলে বাকি সাতটা কী? আমার তো প্রতিটির জন্য আলাদা করে নোবেল পাওয়া উচিত। তারা বলল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে পুরস্কার মিলতে পারে। আমি বললাম, আমি তো সাতটা থামিয়েছি, এটা তো মাত্র একটা— যদিও বড় যুদ্ধ।” রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সমাধান করা সবচেয়ে সহজ হবে, কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তবে তিনি হতাশ হয়েছেন। তবু কোনো না কোনোভাবে এ যুদ্ধও শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।