রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা : অর্থ উপদেষ্টা

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এ কারণে শিক্ষার্থীরা দেরিতে বই পেয়েছিল। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারিতেই নতুন বই পায় সে জন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অর্ডার ইতোমধ্যে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এর আগে যারা বই পেয়েছিল, তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজ কেমন ছিল এবং কারা একাধিক অর্ডার পাচ্ছে, মনোপলি হচ্ছে কিনা- এসব বিষয় যাচাই-বাছাই করা হবে। এ কারণে আজকের বৈঠকে বই কেনার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, অনিয়মের অভিযোগ মাঝেমধ্যে পাওয়া যায়। একজন ঠিকমতো কাজ না করে একাধিক অর্ডার নিয়ে নেয়- এমন অভিযোগও আছে। এসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে বলা হয়েছে।

এবার জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন বই পাবেন কিনা- এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অবশ্যই এবার জানুয়ারিতেই পাবে। গতবার আমরা নভেম্বরে অর্ডার দিয়েছিলাম, এবার সেপ্টেম্বরে দিয়েছি। আগামী সপ্তাহেই আবার বৈঠক হবে। গত বছর শিক্ষার্থীরা নতুন বই মার্চ মাসে হাতে পেয়েছিল বলে সাংবাদিকরা উল্লেখ করলে তিনি বলেন, এবার জানুয়ারিতেই পাবে। এজন্যই তো সেপ্টেম্বরে অর্ডার আনা হয়েছে। কোন কোন প্রতিষ্ঠানে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে কবে নাগাদ সিদ্ধান্ত হতে পারে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা চেষ্টা করছি দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করতে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।