রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনা রূপ নিচ্ছে উদ্বেগে, ক্লান্ত প্রার্থী-পোলিং এজেন্টরা

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৫   ০২:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনার কাজ। দীর্ঘ এই গণনা প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে পড়েছেন গণনাকেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা প্রার্থী ও পোলিং এজেন্টরা। তাদের উত্তেজনা রূপ নিচ্ছে উদ্বেগে। এদিকে ভোট গণনা শেষে ফল প্রকাশ করতে সন্ধ্যা ৭টা বাজবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা ১৫ নম্বর হলের (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোসাম্মাত শারমিন খাতুন  বলেন, ‘৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, আমাদের মধ্যে এটা নিয়ে উত্তেজনা রয়েছে। কিন্তু ভোট গণনার দীর্ঘসূত্রতায় এই উত্তেজনা উদ্বেগে রূপ নিচ্ছে। তিন দিন ধরে আমরা ফলাফলের জন্য এখানে অপেক্ষা করছি। একেক সময় একেকটা খবর আসছে। দুশ্চিন্তা বাড়ছে।’


সমন্বিত শিক্ষার্থী জোটের ক্রীড়া সম্পাদক প্রার্থী শফিউজ্জামান বলেন, ‘ভোটের আমেজ থেকে দূরে সরে যাচ্ছে সবাই। সবার ক্লাস পরীক্ষা আছে। ভোটের ফলাফলের জন্য অনেকেই তিন দিন পড়ে থাকতে চাইছে না।’

২১ নম্বর হলের (শেখ রাসেল হল) হল সংসদ রিডিং রুম সেক্রেটারি প্রার্থী ওমর ফারুক বলেন, ‘প্রার্থী-এজেন্ট শুভাকাঙ্ক্ষী সবার মধ্যে ক্লান্তি ভর করছে। একজন শিক্ষক মারা গেছেন। কয়েকজন বর্জন করেছেন। এ কারণেই গণনায় কিছুটা দেরি হচ্ছে।’

নির্বাচনে মোট ৮টি প্যানেল অংশ নিচ্ছে। এর বাইরে অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এরই মধ্যে ৮টি প্যানেলের মধ্যে পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করেছে। আজ শনিবার  ১৩ সেপ্টেম্বর সকালে গণনাকেন্দ্রের বাইরে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট এবং তাদের সমর্থিত প্রার্থী ও পোলিং এজেন্টদের আধিক্য দেখা গেছে। অন্য প্যানেলের প্রার্থী ও প্রতিনিধি নেই বললেই চলে।

গত বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর  সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। শুরুতে হল সংসদের ভোট গণনা হয়েছে। এরপর শুক্রবার রাত আটটা থেকে শুরু হয় কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

গণনা কখন শেষ হবে তা নিয়ে নির্বাচন কমিশনের সদস্যরা একেক সময় একেক রকম তথ্য জানাচ্ছেন। শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তবে শনিবার সকালে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, আজ দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। পরে আবার ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, ভোট গণনা শেষে ফল প্রকাশ করতে সন্ধ্যা ৭টা বাজবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর বাকি আছে ৩টি হল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।