রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহল

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন:  নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা ও সংসদ ভবনে অগ্নিসংযোগসহ ভয়াবহ সহিংসতার পর বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুর রাস্তায় সেনাসদ্যরা টহল দিয়েছে। হিমালয়ান দেশটিতে গত দু’দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। কাঠমান্ডু থেকে এএফপি এ খবর জানায়। ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। তবে সরকারের দমন অভিযানে অন্তত ১৯ জনের প্রাণহানির পর বিক্ষোভ দেশব্যাপী সহিংসতায় রূপ নেয়। এসময় বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

হঠাৎ করে এমন অরাজক পরিস্থিতিতে অনেকেই স্তম্ভিত হয়ে পড়েছেন।  নেপালের সেনাবাহিনী সতর্ক করে বলেছে, ৩ কোটি জনসংখ্যার এই দেশে অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এএফপি প্রতিবেদকের বরাতে বলা হয়, সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেটসহ বিক্ষোভকারীদের টার্গেট করা স্থাপনাগুলো থেকে বুধবারও ধোঁয়া উড়তে দেখা যায়। এছাড়াও পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়েছিল রাস্তায় ।

‘আজ পরিস্থিতি শান্ত, সেনারা সব রাস্তায় টহল দিচ্ছে’, অস্থায়ীভাবে বসানো একটি চেকপোস্টে গাড়ি তল্লাশি করার সময় বুধবার এ কথা বলেন এক সেনা সদস্য। তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশ করতে চাননি তিনি। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলির বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তিনি দেশটির চারবারের প্রধানমন্ত্রী ছিলেন। পরে তিনি  রাজনৈতিক সমাধানের পথ সুগম করতে পদত্যাগ করেন। তবে তার বর্তমান অবস্থান জানা যায়নি।

নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল মঙ্গলবার ৯ সেপ্টেম্বর রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় সংলাপের আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের শান্তিপূর্ণ সমাধান দেওয়ার জন্য আমরা বিক্ষোভে জড়িত সব পক্ষকে আন্দোলন স্থগিত করে আলোচনায় বসার আহ্বান জানাই।’ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ঘটনাটিকে ‘দেশটির অস্থির গণতান্ত্রিক অভিজ্ঞতায় একটি গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে অভিহিত করেছে। 

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও সহিংসতা যাতে না বাড়ে সেজন্য সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে এ কথা জানান। সংবিধান বিশেষজ্ঞ দিপেন্দ্র ঝা এএফপি’কে জানান, বিক্ষোভকারীদের বিশ্বাসযোগ্য নেতা এবং সেনাবাহিনীকে নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ তৈরি করতে হবে। ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আশীষ প্রসাদনও একই ধরনের মত দিয়েছেন। তিনি বলেন, ‘এখন দ্রুত একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তৈরি করতে হবে। সেখানে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা জরুরি, যাদের প্রতি নেপালি জনগণ, বিশেষত তরুণদের আস্থা রয়েছে।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ১৫ থেকে ৪০ বছর বয়সী জনগোষ্ঠী নেপালের জনসংখ্যার প্রায় ৪৩ শতাংশ। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, বেকারত্ব প্রায় ১০ শতাংশের কাছাকাছি এবং মাথাপিছু জিডিপি মাত্র ১,৪৪৭ মার্কিন ডলার। গত শুক্রবার ৫ সেপ্টেম্বর ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার। এর আগে ২৬টি নিবন্ধনবিহীন প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। তবে টিকটক বন্ধ করা হয়নি। সেখানে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে সাধারণ নেপালিদের সংগ্রামের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল পণ্য ও বিদেশে ছুটি কাটানোর তীব্র বৈপরীত্য প্রকাশ পেতে থাকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।