রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভেজাল প্রসাধনী তৈরির কারখানা সিলগালা

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ১২:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলার বিসিক শিল্প এলাকায় ভেজাল প্রসাধনী তৈরির একটি কারখানা সিলগালা ও ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা এই আদেশ দেন।

 শরিফা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দলকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল ফেয়ার অ্যান্ড লাভলী, অর্গানিক হেয়ার রিমুভাল ক্রিম, ফ্লোরিয়াস লিহান রং ফর্সাকারী ক্রিম, অর্গানিক হারবাল হেয়ার টনিক, গুলাবাড়ি, মিস অ্যান্ড মিসেস বুস্টার, লাভ ইন বিউটি ক্রিম, স্পট আউট স্কিন ক্রিম, হিড কুল অয়েল, হানি অ্যান্ড আমন্ড স্ক্রিন ময়েশ্চারাইজিং, গ্লিসারিন, রোজ ওয়াটার এবং মোড়ক ছাড়া সাবান তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের পণ্যের মোড়ক পাওয়া যায়। 

তিনি জানান, মাত্র তিনটি পণ্যের অনুমতি নিয়ে মিজানুর রহমান নামের ওই ব্যবসায়ী এসব ভেজাল পণ্য তৈরি করছিলেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য মোড়কজাতকরণ ও ভেজাল পণ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে। ভেজাল পণ্যগুলো ধ্বংস করা হয়েছে। পণ্যের গুণগত মান নিশ্চিত ও ভেজাল রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
‎
বিসিক সূত্রে জানা যায়, অলিফ কুমার নামের এক ব্যবসায়ী টিনের ফ্যাক্টরি হিসেবে বিসিকের ওই প্লটটি ইজারা নিয়েছিলেন। পরে তিনি প্রসাধনী ব্যবসায়ী মিজানুর রহমানকে ভাড়া  দেন। তবে অভিযানের সময় ব্যবসায়ী মিজানুর রহমানকে পায়নি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে দুইজন মাত্র কর্মচারী ছিল। অন্য শ্রমিক এবং কর্মচারীরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। 
‎
বিসিকের প্রমোশন কর্মকর্তা মো. শরীফ সরদার বলেন, বিএসটিআই এর অনুমোদিত পণ্য ছাড়াও বেশ কিছু অননুমোদিত পণ্য তৈরি করছিল প্রতিষ্ঠানটি। প্রশাসন ও আমাদের কাছে তথ্য ছিল। তারই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পাওয়া যায়। আমি আশা করছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের এমন অভিযান চলমান থাকবে এবং দেশের মানুষকে তারা সুস্থ থাকার নিশ্চয়তা প্রদান করবে। 

তিনি বলেন, এ ধরনের অভিযান থেকে আশেপাশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোও শিক্ষা গ্রহণ করবে। ভবিষ্যতে বিসিকে কেউ যাতে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন না করতে পারে সেজন্য নজরদারি  জোরদার করা করা হবে বলেও জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।