রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তরুণ প্রজন্ম যে কষ্ট ও ত্যাগ স্বীকার করেছে, তার প্রতি সম্মান রেখেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি।

আজ বুধবার ইডেন মহিলা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে জুলাই-আগস্ট আন্দোলন স্মরণে মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত নিহত ১০ তরুণ-তরুণীর পরিবারের সদস্যদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এই পরিবারগুলোর সন্তানরা ছিলেন গুণী ও অপার সম্ভাবনাময়। আমরা তাদের জীবনের গল্প শুনে জেনেছি, কীভাবে তারা নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছিলেন এবং দেশের জন্য নিজেকে উজাড় করার প্রত্যয় নিয়েছিলেন। বাবা-মা কষ্ট করে সন্তানদের বড় করেছেন। আজ সেই সন্তানরা ফ্যাসিবাদী শক্তির গুলিতে প্রাণ হারিয়েছেন। কিন্তু তাদের অকাল মৃত্যুই আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার প্রেরণা দিচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘করোনা মহামারি, ডেঙ্গু মোকাবিলায়, এমনকি ধান কাটার মৌসুমেও তরুণ স্কাউটরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। রক্তদান, চিকিৎসাসেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে মাঠে গিয়ে কৃষকের কাজেও তারা সহায়তা করেছে। ভিডিওতে আমরা দেখেছি, গুলির মুখে দাঁড়িয়েও এরা মানবতার কাজ করে গেছে। এরা সত্যিকারের মানবতার দূত।’

তিনি বলেন, প্রতিদিন সকালে বের হলে দেয়ালে লিখন আমাদের স্মরণ করিয়ে দেয় তরুণ প্রজন্মের চাহিদা কী ছিল। তারা কী ধরনের বাংলাদেশ চেয়েছিলেন। সেই বাংলাদেশ যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা অঙ্গহানি করেছেন, তাদের ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জাতীয় বিশ্ববিদ্যালয় উপচার্য ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মুহাম্মদ রফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।