রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাচ্ছেতাই পারফরম্যান্সে শেষ ম্যাচেও হার, আগেরবার রানার্সআপ এবার নবম

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৫   ১২:৫৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হার। হার। হার। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় হারের বৃত্তে ঘুরপাক খেল বাংলাদেশ ‘এ’ দল। গতবার যেই প্রতিযোগিতায় বাংলাদেশ রানার্সআপ হয়েছিল, এবার একই আসরে ১১ দলের মধ্যে নবম বাংলাদেশ ‘এ’ দল। 

দলে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলা একাধিক ক্রিকেটার ছিলেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই দুয়েকজনের। বাকিরা সবাই লম্বা সময় ধরেই খেলেছেন। কারো কারো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে। অথচ তারাই কিনা অস্ট্রেলিয়ার একাডেমি দলগুলোর কাছে করুণ পরাজয় বরণ করেছে। 

শনিবার নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে বাজেভাবে হেরেছেন সোহান, আফিফরা। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে ১৭৫ রান করে। জবাব দিতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স ১৮.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে। 

ম্যাচ সেরা নির্বাচিত হন সেঞ্চুরির স্বাদ পাওয়া ম্যাকেঞ্জি হারভে। ৫৩ বলে ১০২ রান করেন তিনি। তার সেঞ্চুরির জন্যেই ম্যাচের শেষ দিকে কিছুটা উত্তেজনা ছড়ায়।

দলের জয়ের জন্য যখন প্রয়োজন ১ রান তখন শতরানের জন্য ম্যাকেঞ্জির লাগত ২ রান।  স্পিনার রাকিবুলের বল বাউন্ডারিতে পাঠিয়ে এই ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেন। সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন। ১৫ চার ও ১ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া আরেক ওপেনার জ্যাক উইন্টার ৩৫ রান করেন। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন হ্যারি মানেনটি। 

বাংলাদেশের ব্যাটিং এদিন কিছুটা ভালো হয়েছিল। ওপেনিংয়ে জিসান আলম ৩৮ বলে ৫০ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। এছাড়া আফিফ হোসেন ২৩ বলে করেন ৪৯ রান। ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ১৫ বলে ২৫ রান। এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ পাওয়া সাইফ হাসান ১৯ বলে ১৫ ও অধিনায়ক সোহান ৮ বলে ৬ রান করেন। 

টুর্নামেন্টে জিসান আলম ৬ ম্যাচে ২০৮ রান করেন ১৩৮.৬৬ স্ট্রাইক রেটে। ২টি ফিফটি আছে তার। আফিফ হোসেন সমান ম্যাচে পেয়েছেন ১৮৬ রান। এছাড়া সাইফ হাসান ১৩২, সোহান ১১৫ রান করেন। স্পিনার রাকিবুল ৬ ম্যাচে ১৬.১০ গড়ে ১০ উইকেট পেয়েছেন। হাসান মাহমুদ পেয়েছেন ৮ উইকেট। ৬ ম্যাচে মাত্র ২ জয় বাংলাদেশ ‘এ’ দলের। হার ৪টিতে। নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা বাংলাদেশ ‘এ’ দলের জন্য এই সফর নিশ্চিতভাবেই বড় ধাক্কা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।