রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুরাদনগরে আসিফের অনুসারী-বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৫   ০৯:৩২ এএম
webnews24

২৪ঘণ্টা প্রতিনিধি কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

আসিফ মাহমুদের অনুসারীদের ভাষ্য, সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীরা তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছেন। এতে তাঁদের অন্তত ৫০ জন আহত হয়েছেন। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন দাবি করেছেন, আসিফের অনুসারীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে তাঁদের ওপর ইটপাটকেল ছুড়েছেন। এতে বিএনপির অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

৩০ জুলাই বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা সদরের আল্লাহু চত্বরে এসব ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্যদের ঘটনাস্থল থেকে দৌড়ে মুরাদনগর থানার সামনে এসে অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

পুলিশ, এলাকাবাসী ও দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতা কায়কোবাদের অনুসারীরা।

ওই ঘটনার জেরে ‘মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। আসিফের অনুসারীদের মিছিলটি বিকেল পাঁচটার দিকে স্থানীয় ডি আর সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আল্লাহু চত্বরের দক্ষিণ পাশে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় চত্বরের উত্তর পাশে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন কায়কোবাদের অনুসারীরা। দুই পক্ষের মাঝে পুলিশের অবস্থান ছিল। এ সময় আসিফের অনুসারীরা ‘চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘চাঁদাবাজ ধর, জেলে ভর’, ‘মুরাদনগরের মাটি, আসিফের ঘাঁটি’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ আসিফের অনুসারীদের সমাবেশে অন্য প্রান্ত থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। আসিফের অনুসারীরা কায়কোবাদের অনুসারীদের ধাওয়া দিলে তাঁরা কিছুটা পেছনে গিয়ে পাল্টা ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় ঘটনাস্থলে থাকা অন্তত পাঁচজন সাংবাদিককে পিটিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে আহত করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আসিফের অনুসারীরা মুরাদনগর থানার সামনে গিয়ে অবস্থান নেন। আর কায়কোবাদের অনুসারীরা আল্লাহু চত্বরসহ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আসিফের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

আহত সাংবাদিকেরা হলেন, বেসরকারি টেলিভিশন স্টার নিউজের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, খোলা কাগজের জেলা প্রতিনিধি শাহ ইমরান, এস এ টিভির ক্যামেরাপারসন এ এস বাপ্পী, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার ফাহিম মুনতাছিম প্রমুখ। সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘হামলাকারীদের একজন আমার পায়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমাকে বারবার বলছিল, “ভিডিও বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর”। আসিফের অনুসারীদের ওপর যারা প্রথমে হামলা করেছিল, তারাই সাংবাদিকদের ওপর হামলা চালায়।’

মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, আজ এনসিপির লোকজনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। তাঁদের সমাবেশ চলাকালে ইটপাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। যাঁরা উপদেষ্টার পক্ষে সমাবেশ করেছেন, তাঁদের লোকজন কর্মসূচির বিষয়ে লিখিতভাবে পুলিশকে জানিয়েছিল। তবে বিএনপি পাল্টা কর্মসূচি দিতে পারে, এমন তথ্য পুলিশের কাছে ছিল। এ জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তাঁরা ঘটনার বিষয় বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।