রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্র্যাজিডি কুইন’ হবেন কিয়ারা?

প্রকাশিত - ২৪ জুন, ২০২৫   ০৫:০৭ পিএম
webnews24

২৪ঘন্টা আনলাইন : বলিউডের ‘ট্র্যাজিডি কুইন’ মীনা কুমারি। তার জীবন সিনেমার চেয়েও ট্র্যাজিক কম ছিল না। গত কয়েক বছর ধরে তার বায়োপিক নির্মাণ নিয়ে আলোচনা চলছে। মীনা কুমারির পরিবারের কাছ থেকে বায়োপিকের স্বত্ব কিনে নিয়েছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা। এ বায়োপিকের নাম ভূমিকায় অভিনয়ের জন্য অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানিকে প্রস্তাব দেওয়া হয়েছে। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।   

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “মীনা কুমারির চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতারা কিয়ারা আদভানির সঙ্গে যোগাযোগ করেছেন। আইকনিক চরিত্রটির জন্য কিয়ারা উপযুক্ত বলে মনে করছেন পরিচালক, ক্রিয়েটিভ টিম। ইতোমধ্যে অভিনেত্রীকে চিত্রনাট্য শোনানো হয়েছে। কিয়ারা চিত্রনাট্য পছন্দ করেছেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সম্মতি দেননি।”

ব্যক্তিগত জীবনে মীনা কুমারি বিয়ে করেছিলেন পরিচালক কামাল আমরোহিকে। মীনা কুমারির চরিত্রে কিয়ারা অভিনয় করলে, তার স্বামী অর্থাৎ কিয়ারার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগির মা হবেন কিয়ারা আদভানি। মীনা কুমারি হতে রাজি হলে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এ সিনেমার মাধ্যমে ক্যামেরা-অ্যাকশনে ফিরবেন কিয়ারা। এর আগে পরিচালক তিগমাংশু ধুলিয়া মীনা কুমারির বায়োপিক তৈরির পদক্ষেপ নেন। প্রথমে কঙ্গনা রাণৌতকে প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেন। এরপর বিদ্যা বালানকে প্রস্তাব দিলে তা লুফে নেন। কারণ বিদ্যার ‘গার্ল ক্রাশ’ মীনা কুমারি। যদিও মীনা কুমারির পরিবারের আপত্তির কারণে বাদ পড়েন বিদ্যা বালান। এরপর মনীষ মালহোত্রা মীনা কুমারিকে নিয়ে বায়োপিক নির্মাণের উদ্যোগ নেন। আর মীনা কুমারির চরিত্রের জন্য কৃতি স্যাননকে চূড়ান্ত করেন। তবে গত বছরের মাঝামাঝি সময়ে তা থমকে যায়।

১৯৩৩ সালের ১ আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন মীনা কুমারি। অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ায় মীনাকে ফিল্মে কাজ করতে বাধ্য করেন তার বাবা। মাত্র ১৭ বছর বয়সে নায়িকা খ্যাতি লাভ করেন মীনা। যখন আর্থিক সচ্ছলতা আসতে শুরু করে; তখন ফুসফুস ক্যানসারে তার মায়ের মৃত্যু হয়।মায়ের মৃত্যুর পর পরিচালক কামাল আমরোহির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মীনা। ১৯৫২ সালে অর্থাৎ ১৮ বছর বয়সে গোপনে কামাল আমরোহিকে বিয়ে করেন মীনা। অথচ ৩৪ বছর আগেই কামাল বিবাহিত। মীনার চিন্তা ছিল লাখ দুয়েক টাকা জমলে সেই টাকা বাবার হাতে দিয়ে বিয়ের কথা বলবেন, যাতে সংসার চালাতে কষ্ট না হয়। কিন্তু মীনার বাবা বিয়ের কথা জানার পর কামালকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।

মীনা চলে যান স্বামী কামালের বাড়িতে। কিন্তু কামাল আমরোহি মীনার জীবনের সুখ হতে পারেননি। পরিচালক স্বামী তাকে সিনেমায় কাজ করতে দেন তিনটি শর্তে। শুটিং থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বাড়িতে ফিরে আসতে হবে, যাতায়াত নিজেদের গাড়িতে আর মেকআপ রুমে মেকাপম্যান ছাড়া আর কাউকে আসতে দেওয়া যাবে না। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমে তিক্ত হতে থাকে। 

কামাল আমরোহি রীতিমতো গোয়েন্দা লাগিয়ে রেখেছিলেন মীনার পেছনে। ১৯৬৩ সালে সাহেব বিবি অর গুলাম মনোনীত হয় বার্লিন চলচ্চিত্র উৎসবের জন্য। কামাল আমরোহির আপত্তির কারণে বার্লিনে যাওয়া হয়নি মীনার। আর নিয়মিত শারীরিক নির্যাতন তো চলতই। পিতাকে ছেড়ে যে বাড়িতে গিয়েছিলেন, সে বাড়িও ছাড়েন মীনা। তার শেষ আশ্রয় হয় অ্যালকোহল আর কবিতা। ১৯৬৮ সালে শনাক্ত হয়, মীনা লিভার সিরোসিস রোগে ভুগছেন। ১৯৭২ সালে মারা যান এই অভিনেত্রী। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।