রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধে মিত্র পাশে পেল ইরান

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৬:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইজ়রায়েলের সঙ্গে সংঘাতের তৃতীয় দিনে ‘বন্ধু’কে পাশে পেল ইরান। ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হল ইজরায়েলে। একইসঙ্গে তেল আভিভ থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। ইজরায়েলের বাহিনী জানিয়েছে, তাদের নিশানায় ছিলেন হুথিদের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মুহাম্মদ আল-ঘামারি। যদিও ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্রে তাঁর কোনও ক্ষতি হয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। ইজ়রায়েলি সংবাদমাধ্যমও তা নিশ্চিত করেনি।

পশ্চিম এশিয়ায় ইরানের অন্যতম সহায়ক ইয়েমেনের হুথিরা। এই গোষ্ঠী বরাবর ইরান সমর্থিত। গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজ়রায়েলের যুদ্ধেও হুথিরা হামাসের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু গত শুক্রবার থেকে ইরানের সঙ্গে ইজ়রায়েলের যে সশস্ত্র সংঘাত চলছে, তাতে এই প্রথম অন্য কোনও দেশের সমর্থন পেল তেহরান। ইজ়রায়েলের সঙ্গে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র সংঘাত পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বাড়িয়ে দিল।

রবিবার হুথিদের তরফে আনুষ্ঠানিক ভাবে সাম্প্রতিক সংঘাতে ইরানের প্রতি সমর্থন ঘোষণা করা হয়েছে। তাদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়েইয়া সারেয়া জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মধ্য ইজ়রায়েলের জাফ্‌ফা শহরকে লক্ষ্য করে পর পর অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইজ়রায়েলের সেনাবাহিনীকে অপরাধী (ক্রিমিনাল) বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘‘এটা নির্যাতিত প্যালেস্টাইনি এবং ইরানিদের জয়। অপরাধী ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে ইরানের অভিযানের সমর্থনে আমাদের এই অভিযান।’’

শনিবার রাত এবং রবিবার ভোরের মধ্যে ইজ়রায়েল থেকেও পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইয়েমেনের দিকে। ইজ়রায়েলি সংবাদমাধ্যমের দাবি, হামলার সময়ে হুথিদের চিফ অফ স্টাফ ঘামারি বৈঠক করছিলেন। তাঁর কমান্ড সদর দফতরেই ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে। সেই এলাকায় রাস্তা আটকে অ্যাম্বুল্যান্স নিয়ে আসতে দেখা গিয়েছে হুথিদের। তবে কী হয়েছে, তা স্পষ্ট নয়। ঘামারি নিজে ইরানে প্রশিক্ষিত। ইরান এবং ইয়েমেনের হুথিদের সঙ্গে সংযোগ রক্ষায় তাঁর ভূমিকাই সবচেয়ে বড়।

পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের মতবিরোধের মাঝেই গত শুক্রবার তেহরানে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইজ়রায়েল। তাতে মৃত্যু হয় ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর। এই হামলার পাল্টা দিতে শুরু করে ইরানও। তাদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইজ়রায়েলের দুই বড় শহর জেরুসালেম এবং তেল আভিভে সাইরেন বেজে চলেছে। নাগরিকদের আশ্রয়ে (শেল্টার) চলে যেতে বলছে প্রশাসন। ভেঙে পড়েছে একাধিক বাড়িও। যে দিন ইজ়রায়েল ইরানে হামলা চালিয়েছিল, সে দিনই তাদের ওয়েস্ট ব্যাঙ্কে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ইজ়রায়েল দাবি করেছিল, ইয়েমেন থেকে হুথিরা ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু হুথিরা সেই দাবি অস্বীকার করেছিল। এ বার সংঘর্ষের তৃতীয় দিনে অবশেষে তারাও ইজ়রায়েলের বিরুদ্ধে ঘোষিত হামলা শুরু করল।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।