রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইমনের সেঞ্চুরি, আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

প্রকাশিত - ১৮ মে, ২০২৫   ০৬:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ওপেনার পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার রাতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৭ রানে হারিয়েছে আরব আমিরাতকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয় আরব আমিরাত। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন ইমন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সতীর্থরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি খেলতে নামা পারভেজ।

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬০ বলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।

শেষ পর্যন্ত ৫টি চার ও ৯টি ছক্কায় ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েন এই বাঁ-হাতি ব্যাটার।

এছাড়াও বাংলাদেশ ইনিংসে তাওহিদ হৃদয় ২০, জাকের আলি ১৩, অধিনায়ক লিটন দাস ১১ ও তানজিদ হাসান ১০ রান করেন।

সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ২১ রানে ৪ উইকেট নেন।

জবাবে সংযুক্ত আরব আমিরাতকে ঝড়ো শুরু এনে দেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তার ৩৯ বলে ৫৪ রানের ইনিংসের কল্যাণে ১১ ওভারেই ১শ’ পেয়ে যায় আরব আমিরাত।

ওয়াসিম ফেরার পর দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রাহুল চোপড়া ও আসিফ খান। কিন্তু রাহুলের ২২ বলে ৩৫ এবং আসিফের ২১ বলে ৪২ রানের পরও হার এড়াতে পারেনি আরব আমিরাত।

বাংলাদেশের হাসান মাহমুদ ৩টি, তানজিম হাসান, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৯ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।