রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু ভারত নয়, সব আকাশসীমা বন্ধ পাকিস্তানের

প্রকাশিত - ০৭ মে, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। ভারতের এই প্রত্যাঘাতের পরই সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান।

পহেলগাঁও হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে ভারত। এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি। পাশাপাশি, পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও করে ভারত। তার পরেই পাকিস্তানও পাল্টা পদক্ষেপের পথে হাঁটে। ভারতীয় বিমানগুলির জন্য আকাশপথ বন্ধ করে দেয় তারা। তবে মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রত্যাঘাতের পর এ বার সব দেশের জন্যই তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করল পাকিস্তান। ৪৮ ঘণ্টার জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জারি করা নির্দেশে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে ‘নো ফ্লাই জ়োন’ করা হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুধুমাত্র কিছু প্রয়োজনীয় বিমানের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে!

সতর্কতামূলক পদক্ষেপের কথা বললেও পাকিস্তানের ‘প্রতিশোধ’ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশেষজ্ঞেরা। ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার করে পাকিস্তান। তবে তাদের দাবি, ভারতের হামলায় বেশ কয়েক জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। যদিও ভারতের দাবি, পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। ভারতের হামলার পরেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তিনি জানিয়েছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। যোগ্য জবাব দেওয়া হবে। তার পর থেকেই পাকিস্তানের পাল্টা হামলার সম্ভাবনা নিয়ে সতর্কও ভারতও।

সামরিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের যে কোনও হামলাকে এখন কেবল প্রতিশোধ হিসাবে নয়, বরং উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসাবে ধরা হবে। ‘অপারেশন সিঁদুর’-এর পরই সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান ফৌজ। বুধবার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাক বাহিনীর ধারাবাহিক গোলাবর্ষণে অন্তত ন’জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। প্রশাসনিক সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, পাক গোলাগুলিতে জখম হয়েছেন অন্তত ২৭ জন গ্রামবাসী! সেই আবহেই এ বার সব দেশের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করল পাকিস্তান। অন্য দিকে, পাকিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি বিমানবন্দরে অসামরিক বিমান চলাচল সীমিত করেছে ভারতও। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, পাকিস্তান অশান্তি বাধানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ করবে ভারত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।