রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নত চিকিৎসায় সরকারের সহযোগিতা চায় প্রবীর মিত্রের পরিবার

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ১০:০০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা প্রবীর মিত্রের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি হচ্ছে। জনপ্রিয় এই অভিনেতার চিকিৎসার খরচের জন্য সরকারি সহায়তা চায় তার পরিবার।

এ বিষয়ে প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম বলেন, ‘সরকার থেকে শিল্পী সমিতি আমরা কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সমিতির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, কিন্তু সমিতির কারো সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

তিনি বলেন, ‘আমরা চাই, বিষয়টি রাষ্ট্র দেখুক। অর্থ সহায়তা নয়, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করুক। মেডিক্যাল বোর্ড গঠন করার সুযোগ থাকলে তা হোক। এই চলচ্চিত্রের জন্য উনি অনেক দিয়েছেন। আমরা চাই, জীবিত থাকা অবস্থায় তিনি সেই সম্মানটা পান।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগের চেষ্টার বিষয়ে তিনি বলেন, ‘অঞ্জনা আন্টি মারা গেলেন। তার জানাজায় এফডিসিতে অনেকেই গেছেন। এমন অনেকের মাধ্যমে শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা। আর বাবার সঙ্গে যাদের যোগাযোগ ছিল, তাদের অনেকেই দেশের বাইরে, দেশে যারা আছেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই।’

সিফাত ইসলাম আরো বলেন, ‘বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বার্ধক্যজনিত কিছু শারীরিক জটিলতায় গত ২২ ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করি। তার শরীর অক্সিজেন পাচ্ছিল না। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এখন আবার তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তার ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।’

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুলজীবন থেকেই তিনি নাট্যচর্চায় যুক্ত হন। স্কুলের ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র।

১৯৬৯ সালে নির্মিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। প্রয়াত এইচ আকবর পরিচালিত ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি।

প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’ ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’।

প্রায় চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন নয়। কেবল ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

পরবর্তীতে ২০১৮ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেয়া হয়।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।