রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ সড়ক শ্রমিকদের অবরোধ

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৪   ১২:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টি এন্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই সড়ক অবরোধ থাকার কারণে শত শত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েন। অবরোধের ফলে ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় টি এন্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। ওই গ্রুপের ৬টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি।

শনিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কারখানার শ্রমিক রবিউল হাসান বলেন, গত দুই মাস ধরে বেতন দিই-দিচ্ছি বললেও এখন পর্যন্ত বেতন ভাতা পাইনি। যার কারণে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।

নাজমা আক্তার নামে অপর এক শ্রমিক বলেন, গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। সেপ্টেম্বরে কারখানা খুললেও দুই মাসের বেতন না দিয়ে কর্তৃপক্ষ তালবাহানা করছে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, গত প্রায় এক মাস ধরে এই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন সংক্রান্ত বিষয়টি সুরাহা করছে না। অবরোধের ফলে এই মহাসড়কে চলাচলকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন সংক্রান্ত সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। 
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।