রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের সহায়তায় ১০ কোটি টাকা দিচ্ছে অস্ট্রেলিয়া-কানাডা

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৪   ০৯:২৮ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : বাংলাদেশে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য ব্র্যাককে ১০ কোটি টাকা দিচ্ছে অস্ট্রেলিয়া ও কানাডা। এর মধ্যে অস্ট্রেলিয়া ৭ কোটি এবং কানাডা দিচ্ছে ৩ কোটি টাকা। ব্র্যাকের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্ট (এসপিএ) বা কৌশলগত অংশীদারত্ব ব্যবস্থার আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে। গতকাল শনিবার ব্র্যাকের এইচসিএমপি অ্যান্ড এক্সটারনাল কমিউনিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বন্যা কবলিত ১১ হাজার পরিবার এই তহবিল থেকে সহায়তা পাবে। অস্ট্রেলিয়া এবং কানাডার সঙ্গে যৌথভাবে এই তহবিল থেকে ব্র্যাক বন্যাদুর্গতদেরকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ল্যাট্রিন, নিরাপদ পানির উৎস এবং প্রয়োজনীয় অবকাঠামো মেরামতে সহায়তা করবে। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা ও পুষ্টি, জীবিকা পুনরুদ্ধার, বাড়িঘর মেরামত, কৃষি উপকরণ এবং পশুখাদ্যসহ কৃষি উপকরণ কেনায় সহায়তা করা হবে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্র্যাক ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে খাদ্য, নিরাপদ পানি এবং প্রয়োজনীয় ওষুধসহ জরুরি ত্রাণ পৌঁছে দিয়েছে। দুর্গতদের সহায়তায় ব্র্যাকের প্রায় ৫ হাজার কর্মী মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং দুর্গম এলাকাগুলোতে নৌকা, ট্রাক্টর বা কখনও পায়ে হেঁটে ব্র্যাককর্মীরা এমন মানুষের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছেন, যেখানে ইতিপূর্বে কোনো ধরনের সহায়তা পৌঁছেনি অথচ সেখানকার ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে সহায়তা পাওয়া প্রয়োজন ছিল। 
এতে আরও বলা হয়, বন্যায় আক্রান্ত মানুষের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনসহ জরুরি সহায়তায় ব্র্যাক ইতিমধ্যেই নিজস্ব তহবিল থেকে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এসপিএ তহবিলের এই ১০ কোটি টাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি চাহিদাগুলো পূরণের জন্য ২০২৫ সালের জুন পর্যন্ত সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। 
প্রসঙ্গত, দেশের বন্যা পরিস্থিতি নিয়ে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও কমিউনিটি অর্গানাইজেশনের প্রতিনিধিরা। বৈঠকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকল বেসরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার জন্য তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে চলেছে ব্র্যাক।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে বাংলাদেশ সরকার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই দুর্যোগের শুরু থেকেই মাঠে আছে ব্র্যাক। অস্ট্রেলিয়া এবং কানাডার সঙ্গে এই যৌথ উদ্যোগটি দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে এবং বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্র্যাক এবং এর অংশীদারদের প্রতিশ্রুতিকে পুনঃব্যক্ত করে। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।