রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ০২:২৫ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কয়েক দফায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলেও বিক্ষোভের জেরে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সকাল থেকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়, আশুলিয়ার জামগড়া ও খেজুর বাগান এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেন। সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায়ও একইভাবে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এরপর সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভের ধারাবাহিকতায় বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে তারা সড়ক থেকে সরে যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে তারা মহাসড়ক ছেড়ে যান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।