রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।

আমি সত্যিই ভাগ্যবতী’, জন্মদিনে রুনা লায়লার কৃতজ্ঞতা

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ১২:৫৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: কয়েক দশক ধরে সুরের জাদুতে মুগ্ধ করে রেখেছেন কোটি শ্রোতাকে। বাংলা থেকে হিন্দি, উর্দু কিংবা বিশ্বের নানা ভাষায় গান গেয়ে তৈরি করেছেন নিজের স্বতন্ত্র অবস্থান। সেই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। জীবনের ৭৪ বছর পেরিয়ে নতুন বছরে পা রেখে ভক্তদের ভালোবাসা ও সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

১৭ নভেম্বর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন এই শিল্পী। সেখানে ভক্ত, অনুরাগী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানান তিনি।

রুনা লায়লা বলেন, ভক্তদের ভালোবাসা ও সমর্থনই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সৃষ্টিকর্তার দেওয়া সংগীতের উপহার সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত। যতদিন সম্ভব গান গেয়ে শ্রোতাদের পাশে থাকার প্রত্যাশাও জানিয়েছেন এই শিল্পী।

ভিডিও বার্তায় সবাইকে নিজের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি একে অপরকে ভালোবাসা ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জন্মদিন উপলক্ষে দেওয়া লিখিত বার্তায় নিজের অনুভূতির কথা আরও বিস্তারিতভাবে তুলে ধরেছেন রুনা লায়লা। তিনি জানান, প্রতি বছর জন্মদিনের প্রথম মুহূর্তে বয়স বাড়ার পাশাপাশি জীবনের অভিজ্ঞতা ও প্রাপ্তির কথাও মনে পড়ে। তবে ভক্তদের কাছ থেকে পাওয়া অসংখ্য ফোন, বার্তা, দোয়া ও শুভকামনা তাঁকে সবচেয়ে বেশি আবেগাপ্লুত করে।

নিজের জীবন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি লিখেছেন, সৃষ্টিকর্তা তাঁকে এত সুন্দর জীবন উপহার দিয়েছেন বলে তিনি নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে করেন। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ বলেও জানিয়েছেন তিনি।

সংগীতের জগতে দীর্ঘ পথচলা

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তাঁর পৈতৃক বাড়ি রাজশাহীতে। বাবা সরকারি কর্মকর্তা এবং মা সংগীতশিল্পী হওয়ায় ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠেন তিনি। বাবার চাকরির সুবাদে আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান।

শৈশবে নাচের প্রতি আগ্রহ থাকলেও পরবর্তী সময়ে সংগীতের জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। ১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘জুগনু’র ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গানের মাধ্যমে প্লেব্যাক সংগীতে যাত্রা শুরু হয় তাঁর। এরপর পাকিস্তান টেলিভিশনেও নিয়মিত গান করেন।

সত্তরের দশকের শুরুতে বাংলা ও হিন্দি গানে মনোযোগী হন রুনা লায়লা। দুই বাংলার পাশাপাশি বলিউডেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ এবং ‘দমা দম মাস্ত কালান্দার’-এর মতো গান তাঁকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে।

বাংলা, হিন্দি ও উর্দুসহ ১৭টি ভাষায় গান গেয়েছেন তিনি। এসব ভাষার মধ্যে রয়েছে পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, ফারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজি। তাঁর রেকর্ড করা গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি বলে প্রচলিত রয়েছে।

পুরস্কার ও বিশ্বরেকর্ডে সমৃদ্ধ ক্যারিয়ার

সংগীতজীবনে অসংখ্য অর্জনের পাশাপাশি রেকর্ড গড়েছেন রুনা লায়লা। সুরকার নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করেছিলেন তিনি। প্রতিদিন ১০টি করে গান রেকর্ডের এই কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

দেশের চলচ্চিত্রাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতবার শ্রেষ্ঠ গায়িকা এবং একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া সংগীত ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছেন। ভারত ও পাকিস্তান থেকেও পেয়েছেন বিভিন্ন সম্মাননা।

দীর্ঘ সংগীতজীবনে খ্যাতি, পুরস্কার ও অসংখ্য অর্জনের পরও ভক্তদের ভালোবাসাকেই নিজের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন রুনা লায়লা। জন্মদিনে তাঁর প্রত্যাশা, আরও অনেক দিন গান নিয়ে শ্রোতাদের সঙ্গে থাকতে পারবেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।