২৪ঘন্টা ডেস্ক: ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। দেশটির বিভিন্ন যুদ্ধফ্রন্টে হুথিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে সরকারি বাহিনী। মাত্র কয়েক ঘণ্টার অভিযানে শত শত হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকার।
১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইয়েমেন সরকারের মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এসব তথ্য জানান।
তার দেওয়া হিসাব অনুযায়ী, মোট ৭২৩টি হামলার মধ্যে ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা, ৮৯টি রকেট হামলা এবং ৫৪১টি কামানের গোলা নিক্ষেপের ঘটনা রয়েছে।
সরকারি মুখপাত্রের দাবি, হুথিদের সামরিক অবস্থান, যোদ্ধাদের সমাবেশস্থল, সামরিক যানবাহন ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে বিদ্রোহী গোষ্ঠীটির ৩২১ জন যোদ্ধা নিহত ও আহত হয়েছেন। পাশাপাশি ১১৭টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মুখপাত্র আরও জানান, তাইজ প্রদেশে সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিস্ট্যান্সের সহযোগিতায় সরকারি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মারিব ও আল-জাওয়াফ প্রদেশেও সংঘর্ষ চলছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় যুদ্ধফ্রন্টগুলোতেও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ইয়েমেনে সৌদি আরবের সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে হুথিদের সামরিক শাখা। শনিবার সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
হুথিদের এই মুখপাত্রের দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত ও আহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস হয়েছে। তবে এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে পাল্টাপাল্টি হামলা ও সামরিক অভিযানের ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সরকারি বাহিনী ও হুথিদের উভয় পক্ষের হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হওয়ায় সংঘাতের প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো স্পষ্ট চিত্র পাওয়া যায়নি।
