২৪ঘন্টা ডেস্ক: হাঙ্গেরিতে সাবেক সরকারের আমলের দুর্নীতির তদন্তে বেরিয়ে আসছে বিপুল অর্থসম্পদের সন্ধান। বিভিন্ন গোপন স্থানে অভিযান চালিয়ে ২০ মিলিয়ন ডলার সমপরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা অফিস। উদ্ধার করা অর্থের মধ্যে রয়েছে হাঙ্গেরির মুদ্রা ফরিন্ট, ইউরো ও মার্কিন ডলার।
সংস্থাটির বিবৃতি অনুযায়ী, গত ১২ ও ১৩ নভেম্বর ধারাবাহিক অভিযান চালিয়ে এসব অর্থ উদ্ধার করা হয়। খামার, গুদাম, বাড়ি এবং জঙ্গলের ভেতরে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল টাকাগুলো।
অভিযানের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কর্মকর্তারা অন্ধকার পরিবেশে মাটি খুঁড়ে নগদ অর্থ বের করছেন। পরে উদ্ধার করা অর্থ একত্র করে গণনা করা হয় এবং রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়া হয়।
হাঙ্গেরির অর্থমন্ত্রী আন্দ্রেস কারমান জানান, উদ্ধার করা অর্থের পরিমাণ নির্ধারণ করতে ১২ জন কর্মকর্তার প্রায় আট ঘণ্টা সময় লেগেছে। অর্থের বিপুল পরিমাণ এবং তা লুকিয়ে রাখার কৌশল নিয়ে দেশটিতে আলোচনা তৈরি হয়েছে।
এই অভিযান সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস সেজতাকের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ। তিনি সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের আমলে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তদন্তকারীদের অভিযোগ, সরকারি পরিবহন কোম্পানির জন্য পুরোনো বাস কেনার প্রকল্পে অনিয়ম, ঘুষ ও অবৈধ কমিশনের মাধ্যমে তিনি প্রায় ৩৭ দশমিক ২ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। গত সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই মন্ত্রী।
হাঙ্গেরির রাজনীতিতেও সাম্প্রতিক সময়ে বড় পরিবর্তন এসেছে। গত এপ্রিলে নির্বাচনে ভিক্টর অরবানের পরাজয়ের মধ্য দিয়ে তার টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে। নির্বাচনে মধ্যডানপন্থি ও ইউরোপপন্থি তিসজা পার্টির নেতা পিটার মাগইয়ার জয়ী হন।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রশাসনের কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় সাবেক উন্নয়নমন্ত্রীকে ঘিরে চলমান তদন্তে বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনা সামনে এলো।
হাঙ্গেরির নতুন সরকারের দুর্নীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান চালানো হচ্ছে। তবে উদ্ধার করা অর্থের সঙ্গে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের সুনির্দিষ্ট যোগসূত্র তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে।
