রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
যৌন প্রলোভনের মাধ্যমে ভারতের গোপন সামরিক তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে। দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন ও সামরিক মহড়ার তথ্য পাচার করেছেন তিনি। এমনকি অধীনস্থ পাঁচ কর্মকর্তার ডিভাইসে স্পাইওয়্যার ইনস্টলের ব্যবস্থাও করেছিলেন বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপে হাজারো বার্তা ও ছবি আদান-প্রদানের তথ্য পেয়েছে পুলিশ।

পাকিস্তানি এজেন্টের ফাঁদে ভারতীয় বিমান কর্মকর্তা

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০১:২২ পিএম
webnews24

২৪ঘন্টা ডেস্ক: যৌন প্রলোভনকে হাতিয়ার করে ভারতের সামরিক গোপনীয়তা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক এজেন্টের কাছে গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমানের অবস্থান ও সামরিক মহড়ার তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু নিজেই তথ্য পাচার নয়, অধীনস্থ পাঁচ সামরিক কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার প্রবেশের ব্যবস্থাও করেছিলেন বলে দাবি দিল্লি পুলিশের।

সরকারি গোপনীয়তা আইন বা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলার অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে। অভিযুক্ত ওই উইং কমান্ডার গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন।

দিল্লি পুলিশের তদন্ত অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ওই কর্মকর্তার। এই সময়ে ভারতের সামরিক বাহিনীর একাধিক স্পর্শকাতর নথি ও তথ্য আদান-প্রদান করা হয়। গত ১ এপ্রিল নিজের কার্যালয়ে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় তাঁকে আটক ও তল্লাশি করা হলে তথ্য পাচারের বিষয়টি সামনে আসে।

অভিযোগপত্রে তথ্য পাচারের বিনিময় পদ্ধতি নিয়েও বিস্ফোরক দাবি করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানি এজেন্ট প্রথমে ওই কর্মকর্তাকে একটি নগ্ন ছবি পাঠান। এর বিনিময়ে তিনি ভারতের গোপন যুদ্ধপরিকল্পনার একটি পৃষ্ঠার ছবি তুলে পাঠান। পরে প্রতিটি নগ্ন ছবির বিপরীতে যুদ্ধপরিকল্পনার একটি করে পৃষ্ঠা সরবরাহের প্রস্তাবও দেন অভিযুক্ত কর্মকর্তা।

তদন্তে উঠে এসেছে, পাচার হওয়া তথ্যের মধ্যে ভারতের একটি বিশেষ ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতির বিস্তারিত বিবরণ ছিল। ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন, আকাশে থাকার সক্ষমতা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তিগত ব্যবস্থার তথ্যও এ তালিকায় রয়েছে।

এমনকি যুদ্ধ শুরু হলে ওই ড্রোন ইউনিটের সম্ভাব্য অবস্থান ও মোতায়েন পরিকল্পনাও পাকিস্তানি এজেন্টের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল বলে অভিযোগ পুলিশের। পাশাপাশি লাদাখের লেহ অঞ্চলে ভারতীয় যুদ্ধবিমান মোতায়েনের তথ্য এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত সামরিক মহড়ার বিবরণও পাচার করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে তদন্তের সবচেয়ে উদ্বেগজনক দিক হিসেবে সামনে এসেছে সাইবার গুপ্তচরবৃত্তির বিষয়টি। পুলিশের দাবি, পাকিস্তানি এজেন্ট অভিযুক্ত কর্মকর্তাকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যারযুক্ত অ্যাপ এবং ওয়েব লিংক পাঠিয়েছিলেন। এসব ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে সামরিক কর্মকর্তাদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে থাকা গোপন তথ্য হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত উইং কমান্ডার তাঁর অধীনে কর্মরত পাঁচজন সামরিক কর্মকর্তার ডিভাইসে এসব ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করার ব্যবস্থা করেন। এর মাধ্যমে শুধু ব্যক্তিগত তথ্য নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের গোপন যোগাযোগও নজরদারির আওতায় আনার চেষ্টা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

ডিজিটাল যোগাযোগের পরিমাণও তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। দিল্লি পুলিশের দাবি, অভিযুক্ত কর্মকর্তার হোয়াটসঅ্যাপ তথ্য বিশ্লেষণ করে পাকিস্তানি এজেন্টের সঙ্গে ৩ হাজার ৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংকের আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে।

সব মিলিয়ে ঘটনাটি শুধু একজন সামরিক কর্মকর্তার তথ্য পাচারের অভিযোগে সীমাবদ্ধ থাকছে না। বরং সামরিক বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা, প্রযুক্তিগত নিরাপত্তা এবং স্পর্শকাতর তথ্যের সুরক্ষা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত, আরও কী ধরনের তথ্য বিদেশি এজেন্টের হাতে পৌঁছেছে এবং পাঁচ কর্মকর্তার ডিভাইস থেকে কোনো তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।