রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা ১৯ নভেম্বর চীনের শেনঝেনে এপিইসি সম্মেলনের ফাঁকে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ, ইরান ও উত্তর কোরিয়া পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। তবে বৈঠক শেষে কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কম বলে জানিয়েছে একটি মার্কিন সূত্র।

ট্রাম্প-পুতিন-জিনপিং বৈঠক ১৯ নভেম্বর

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০১:১৪ পিএম
webnews24

২৪ঘন্টা ডেস্ক: বিশ্বের তিন পারমাণবিক পরাশক্তির শীর্ষ নেতাকে একই টেবিলে বসানোর উদ্যোগ ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পেতে পারে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও বৈশ্বিক নিরাপত্তার বিষয়টি।

আগামী ১৯ নভেম্বর চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে একটি উচ্চাকাঙ্ক্ষী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সক্ষমতাসম্পন্ন তিন দেশের মধ্যে এ ধরনের আলোচনা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।

বৈঠকের বিষয়ে আগেই আগ্রহ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পুতিন ও জিনপিংয়ের সঙ্গে আলোচনার পরিকল্পনার কথা জানান।

শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সম্ভাব্য বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি।

তবে বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনায় আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কম বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তিনি এ তথ্য জানিয়েছেন।

এদিকে, মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের কাছে এই বৈঠকের গুরুত্ব শুধু তিন নেতার একসঙ্গে বসার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, আন্তর্জাতিক উত্তেজনা এবং পরাশক্তিগুলোর পারস্পরিক সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তার একটি ইঙ্গিত মিলতে পারে এই আলোচনায়। তবে বৈঠকটি বাস্তবে কতটা অগ্রগতি আনবে, তা নির্ভর করবে তিন দেশের রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সমঝোতার ওপর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।