রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি এবং জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। এ রোগ মোকাবিলায় সরকার ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ১০:৫৫ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ডায়াবেটিস প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে ব্যক্তিগত সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ এবং শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়াবেটিসের ঝুঁকি ও এ রোগের জটিলতা অনেকটাই কমানো সম্ভব।

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশেও আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক। তবে যথাসময়ে রোগ শনাক্ত করা গেলে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা গেলে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক ও কর্মক্ষম জীবন কাটাতে পারেন।

তিনি সতর্ক করে বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এর জটিলতা জীবনহানির ঝুঁকিও তৈরি করে। তাই রোগটি নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা জরুরি।

তারেক রহমান বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সুস্থ জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। মানুষের সুস্বাস্থ্য শুধু ব্যক্তিগত জীবনমান উন্নত করে না, বরং পরিবার ও সমাজের অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে, যা দেশের জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের মানুষের কাছে এ রোগের চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রশংসনীয়।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির পাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

বাণীর শেষাংশে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দিবসটি উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।