রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ফেরিঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। আয় কমে বিপাকে পড়েছেন হকার, হোটেল ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানি ও শ্রমজীবী মানুষ। বর্তমানে চাহিদা অনুযায়ী প্রতিদিন ৯ থেকে ১০টি ফেরি পরিচালনা করছে বিআইডব্লিউটিসি। অন্যদিকে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নতুন আশার সঞ্চার করলেও ঘাটের ক্ষতিগ্রস্ত মানুষের বিকল্প কর্মসংস্থান এখন বড় চ্যালেঞ্জ।

পদ্মা সেতুর প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে মন্দা, কর্মহীন হাজারো মানুষ

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৬   ০১:০৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: পদ্মা সেতু চালুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানীতে যাতায়াত অনেক সহজ হয়েছে। কমেছে দীর্ঘ যানজট, ফেরির অপেক্ষা ও যাত্রাপথের ভোগান্তি। তবে যোগাযোগব্যবস্থার এই পরিবর্তনে বড় ধাক্কা লেগেছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটকেন্দ্রিক অর্থনীতিতে। কমেছে যানবাহন ও যাত্রী, থমকে গেছে ব্যবসা-বাণিজ্য। ফলে কাজ হারিয়ে কিংবা আয় কমে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ঘাটের ওপর নির্ভরশীল হাজারো মানুষ।

একসময় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যস্ততম যোগাযোগকেন্দ্রগুলোর একটি। দিন-রাত যানবাহনের দীর্ঘ সারি, যাত্রীদের অপেক্ষা আর মানুষের ভিড়ে মুখর থাকত পুরো এলাকা। ফেরির অপেক্ষায় থাকা যাত্রীদের ঘিরে গড়ে উঠেছিল ছোট-বড় অসংখ্য ব্যবসা। হকার, খাবারের দোকান, চায়ের স্টল, মুদি দোকানসহ বিভিন্ন পেশার মানুষের জীবিকার প্রধান অবলম্বন ছিল এই ঘাট।

কিন্তু পদ্মা সেতু চালুর পর সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে। আগের মতো যানবাহনের চাপ নেই, নেই যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। আর যাত্রী কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কমেছে ঘাটের ব্যবসায়ীদের আয়ও। অনেকেই দোকান বন্ধ করে অন্য পেশায় চলে গেছেন। কেউ কেউ আবার অল্প আয়ে কোনোমতে সংসার চালিয়ে যাচ্ছেন।

সেতু চালুর পর কমেছে ঘাটের ব্যস্ততা

২০২২ সালের ২৫ জুন মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তকে সংযুক্ত করে পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। এরপর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলার মানুষ ঢাকা যাতায়াতে এই সেতু ব্যবহার শুরু করেন।

এর সরাসরি প্রভাব পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। আগে ঢাকা-দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুটের বিপুলসংখ্যক যানবাহন এই নৌপথ ব্যবহার করত। ঈদ কিংবা ছুটির সময়ে ফেরি পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। সেই অপেক্ষার সময়টুকুই ছিল ঘাটের ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের বড় সুযোগ।

এখন সেই সুযোগ অনেকটাই সংকুচিত। ফেরিতে ঘুরে খাবার বিক্রি করা হকারদের ক্রেতা কমেছে। হোটেল ও চায়ের দোকানে আগের মতো ভিড় নেই। যাত্রীদের আনাগোনা কমে যাওয়ায় অনেক দোকান কার্যত অলস সময় পার করছে।

আয় কমেছে, সংসার চালানোই কঠিন

পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাটের ছোট একটি মুদি দোকানের ব্যবসায়ী মোখলেস জানান, পদ্মা সেতু চালুর আগে ঘাটে যানবাহন ও মানুষের ভিড় থাকায় ভালো বেচাকেনা হতো। সেই আয় দিয়ে সংসার মোটামুটি ভালোভাবেই চলত। এখন যানজট নেই, গাড়ি ও লোকজনও অনেক কম। ফলে আয় দিয়ে সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে।

হোটেল ব্যবসায়ী হারুনের অবস্থাও একই। তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার পর থেকে বেচাকেনা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। আগে ভালো আয় হতো, সংসারেও স্বস্তি ছিল। এখন নিজের খাবারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। কোনোমতে ডাল-ভাত খেয়ে দিন পার করছেন।

ঘাট এলাকার আনারস বিক্রেতা আব্দুল জলীল বলেন, গাড়ি ও যাত্রী কমে যাওয়ায় বিক্রিও কমেছে। আগের মতো ক্রেতা পাওয়া যায় না। কোনোভাবে সংসার চালাতে হচ্ছে।

একই সংকটের কথা জানিয়েছেন হকার সামাদ। তাঁর ভাষ্য, বর্তমানে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় এই টাকায় সংসারের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।

ফেরি আছে, কিন্তু নেই আগের মতো যানবাহন

শুধু ব্যবসা-বাণিজ্য নয়, যানবাহন ও ফেরির পরিচালন ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন। আগে যাত্রী ও গাড়ির চাপ সামলাতে ফেরিগুলোকে ব্যস্ত থাকতে হতো। এখন অনেক সময় ফেরি থাকলেও পর্যাপ্ত যানবাহন পাওয়া যায় না। আবার কখনো গাড়ি ঘাটে এসে ফেরির জন্য অপেক্ষা করে।

সোহাগ পরিবহনের বাসকর্মী জাহাঙ্গীর হোসেন জানান, আগের তুলনায় যানজট অনেক কমেছে। তবে ফেরি পারাপারে এখনো ভোগান্তি রয়েছে। কখনো ফেরিতে উঠে যানবাহনের অপেক্ষায় বসে থাকতে হয়, আবার কখনো গাড়ি নিয়ে ঘাটে দাঁড়িয়ে থাকতে হয় ফেরির অপেক্ষায়। বিশেষ করে রাজবাড়ী ও ফরিদপুরগামী যাত্রীদের জন্য স্থায়ী সেতু নির্মাণ করা হলে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করেন তিনি।

ফরিদপুরগামী যাত্রী তমাল হোসেনও একই সমস্যার কথা জানান। তাঁর মতে, আগে যানজটে দীর্ঘ সময় নষ্ট হতো, এখন সেই সমস্যা কমেছে। কিন্তু ঘাটে এসে কখনো ফেরি, কখনো গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের সময় ও দুর্ভোগ দুটোই বাড়ছে। তাই এই নৌপথে সেতু নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানান তিনি।

অর্ধেকে নেমেছে যানবাহন, কমেছে ফেরি পরিচালনা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর আগে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাঁচটি ঘাট দিয়ে ২০ থেকে ২২টি ফেরি পরিচালনা করা হতো। বর্তমানে চারটি ঘাটে মোট ১৮টি ফেরি রয়েছে। তবে যানবাহনের চাহিদা বিবেচনায় রোটেশন পদ্ধতিতে প্রতিদিন ৯ থেকে ১০টি ফেরি চালানো হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, পদ্মা সেতু চালুর আগে এই নৌপথে যে পরিমাণ যানবাহন চলাচল করত, বর্তমানে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। যানবাহনের চাপ কমে যাওয়ায় ফেরি পরিচালনাতেও পরিবর্তন আনা হয়েছে। চাহিদা অনুযায়ী প্রতিদিন রোটেশন পদ্ধতিতে ৯ থেকে ১০টি ফেরি চালানো হচ্ছে।

দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনায় নতুন প্রত্যাশা

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। গত ৩ নভেম্বর এ প্রকল্পের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের সেপ্টেম্বরে সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর সেতুর অবস্থান, নকশা ও নির্মাণব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তবে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ঘাটের ওপর নির্ভরশীল মানুষের জীবিকার বিষয়টিও এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ, পদ্মা সেতু মানুষের যাতায়াত সহজ করলেও ঘাটকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসা ও শ্রমনির্ভর অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন সংকট।

স্থানীয় সচেতন মহলের মতে, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের অর্থনৈতিক গুরুত্ব পুরোপুরি হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। এখানকার ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও শ্রমজীবী মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, নতুন ব্যবসায়িক উদ্যোগ এবং বিনিয়োগের সুযোগ তৈরি করা প্রয়োজন।

তাদের মতে, অবকাঠামোগত উন্নয়নের সুফল তখনই পূর্ণতা পাবে, যখন এর ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন-জীবিকার নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।