রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। সফরে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, হিউম্যান রাইটস ওয়াচ, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থান, মানবাধিকার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পাবে। ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

প্রথম যুক্তরাজ্য সফরে নাহিদ ইসলাম

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৬   ০৮:৪৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তার এক সপ্তাহের এ সফরে ব্রিটিশ রাজনীতিক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, শিক্ষাবিদ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

১১ নভেম্বর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। দলটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর।

সফরসূচি অনুযায়ী, ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা, মানবাধিকার পরিস্থিতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জবাবদিহি নিশ্চিত করা এবং জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন নাহিদ ইসলাম।

এ ছাড়া যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে তার। সেখানে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, ঘটনাপ্রবাহ এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।

গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত কর্মসূচি জানান প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি বলেন, সফরের আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ, জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।

যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও মতবিনিময় করবেন নাহিদ ইসলাম। প্রবাসীদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বাংলাদেশের উন্নয়ন-রাজনীতিতে তাদের ভূমিকা নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। এ ছাড়া সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক ও মানবাধিকার মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক জোরদার করাও এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।