রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতের বাজেট জিডিপির ১.০১ শতাংশে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে তা ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৪ হাজার ৬০০টির বেশি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা হাসপাতালে শয্যা বৃদ্ধি, টিকাদান সম্প্রসারণ এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৬   ০৮:১২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দেশের স্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত ও জনবান্ধব করতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতের বাজেট বাড়ানো, ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু এবং চিকিৎসাব্যবস্থার ডিজিটাল রূপান্তরে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১১ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারের এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের আর্থিক সামর্থ্য, সামাজিক অবস্থান কিংবা বসবাসের স্থান যেন চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়, সেটিই সরকারের লক্ষ্য। এ জন্য সবার কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

স্বাস্থ্য খাতে অর্থায়নের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এ খাতের বাজেট দ্বিগুণ করে জিডিপির ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে। পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের ৪ হাজার ৬০০টির বেশি ইউনিয়নে বিভিন্ন শ্রেণির স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১ করার কাজ চলছে।

টিকাদান কর্মসূচিতেও অগ্রগতির কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার আওতা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে শতভাগ টিকাদান নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো এবং পোলিওমুক্ত অবস্থান ধরে রাখার ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করেন তিনি।

চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড এবং ইউনিক ই-হেলথ আইডি চালুর পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া সরকারি বড় স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং ১৫টি বড় হাসপাতালে উন্নত চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আঞ্চলিক পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিমসটেকের আওতায় জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও আগাম সতর্কতাব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন তিনি।

সম্মেলনে মন্ত্রী আরও বলেন, অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং মহামারির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জরুরি। এসব ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিমসটেকভুক্ত দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ।

সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা অবকাঠামো ও জনস্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।