রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় চমকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ০১:২৫ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ অ্যাওয়ে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনসিএলে ভালো করে দলে দীর্ঘদিন পর ফিরেছেন ওপেনার নাঈম শেখ। ঘোষিত দলে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, তিনিও এনসিএলে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন।

২৭ বছর বয়সী ওপেনার নাঈম জায়গা পেয়েছেন মূলত সাদমান ইসলামের চোটের সুবাদে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পাওয়া সাদমানের এ বছর আর মাঠে নামা হচ্ছে না। এদিকে এর আগে একটি টেস্ট খেলা নাঈম এনসিএলে তিনটি তিন অঙ্কের ইনিংস ও একটি ফিফটি হাঁকিয়েছেন, যার মধ্যে একটি ইনিংস ২৮২ রানের অর্থাৎ ডাবল সেঞ্চুরি।

এদিকে ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটার রবিনও এনসিএলে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি, আছে ১১৬ ও ১০০ রানের আরও দুটি ইনিংস। রয়েছে দুটি ফিফটিও। নির্বাচকরা মাহমুদুল হাসান জয়কেও রেখেছিলেন বিবেচনায়। তবে চোটের কারণে শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা যাওয়া হচ্ছে না তার। এর আগে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জয়।

তাইজুল ইসলাম দলে জায়গা ধরে রাখলেও জায়গা হারিয়েছেন ঢাকা ও সিলেট টেস্টে খেলা নাঈম হাসান। জাকের আলী অনিক দলে জায়গা ধরে রেখেছেন। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরেও নেই তারকা পেসার নাহিদ রানা। পেস ইউনিটে তাসকিন আহমেদের সঙ্গে আছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।

আজই শেষ হতে যাওয়া সিলেট টেস্ট শেষে টাইগাররা উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া ও ভারত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।