রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ছেড়ে প্রেসক্লাবের সামনে রিকশা শ্রমিকরা

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ১২:৫৩ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ও রুট পারমিট দেওয়াসহ ১২ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ ও মিছিল করছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল কমিয়ে চালক ও শ্রমিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন। এতে মোহাম্মদপুর, বছিলা, মানিক মিয়া অ্যাভিনিউ, আগারগাঁও ও রোকেয়া সরণিসহ কয়েকটি সড়কে অন্য দিনের তুলনায় ব্যাটারিচালিত রিকশা কম দেখা গেছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে শ্রমিকদের।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম সাংবাদিকদের বলেন, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স দেওয়া, রুট পারমিট দেওয়া, বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে। এরপর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

কর্মসূচি সফল করতে গত দুই দিন ধরে রাজধানীর বিভিন্ন রিকশার গ্যারেজে লিফলেট বিতরণ ও মাইকিং করেন শ্রমিক নেতাকর্মীরা। তাদের প্রচারপত্রে অন্যতম স্লোগান ছিল, ‘রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।’

এর আগে সকাল থেকেই মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের তৎপরতা দেখা যায়। এ সময় সড়কে চলাচল করা ব্যাটারিচালিত রিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া এবং চালকদের গ্যারেজে ফিরে যাওয়ার পাশাপাশি প্রেসক্লাবের সমাবেশে যোগ দিতে বলা হয়। এ কারণে অনেক চালক রিকশা নিয়ে সড়কে না নেমে গ্যারেজে অবস্থান করেন। কেউ কেউ কর্মসূচিতে যোগ দিতে প্রেসক্লাবের দিকে রওনা হন।

সকালের ব্যস্ত সময়ে মোহাম্মদপুর, বছিলা, মানিক মিয়া অ্যাভিনিউ, আগারগাঁও ও রোকেয়া সরণিতে ব্যাটারিচালিত রিকশার উপস্থিতি ছিল তুলনামূলক কম। এসব সড়কে নিয়মিত চলাচলকারী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, রিকশার সংখ্যা কম থাকায় অন্য দিনের তুলনায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে পেরেছেন তারা।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও লাইসেন্স দেওয়া, রুট পারমিট নিশ্চিত করা এবং বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ তাদের পেশাগত ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা। এসব দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরতে চান আন্দোলনকারীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।