রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ১১:৫৬ এএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। এতে শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবেন। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে পরবর্তী করণীয় এবং মজুরি প্রস্তাব আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, সভায় শ্রমিকপক্ষের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। ফলে তারা আজ প্রস্তাব জমা দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

রোববার (৮ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছিলেন, শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত মজুরি প্রস্তাব তৈরি করা হচ্ছে।

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানান, শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিরতা ও কারখানা বন্ধ থাকার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। দ্বিতীয় সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলোচনার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার প্রস্তাব জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে।

এর আগে, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরের সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।