রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন। সোমবার তার আইনজীবীরা এ আবেদন পাঠান বলে জানিয়েছে রয়টার্স। আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল হওয়ার কথা উল্লেখ করে নাগরিকত্বের ভিত্তিতে নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে আবেদন শেখ হাসিনার

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ১১:০২ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : দেশে ফেরার সম্ভাবনাকে সামনে রেখে নিজের নাগরিক পরিচয়সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে উদ্যোগী হয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা দূতাবাসে একটি লিখিত আবেদন পাঠান। রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে দেশত্যাগের পর এই প্রথম তার পক্ষ থেকে বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত আবেদন করা হলো।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। তাই বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার বিবেচনায় নিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে আইনজীবীরা আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরেছেন।

শুধু পরিচয়পত্র ফিরে পাওয়াই নয়, দেশে ফেরার পরিকল্পনার সঙ্গেও এই উদ্যোগের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন। অনেকে আবার ভারতে ও অন্যান্য দেশে অবস্থান করছেন।

প্রায় দুই দশক বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন থাকায় প্রত্যাবর্তনের উদ্যোগ দেশের বিদ্যমান রাজনৈতিক বিভাজনকে আরও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ফলে তার দেশে ফেরার প্রশ্নটি শুধু রাজনৈতিক নয়, বরং গুরুত্বপূর্ণ আইনি ও বিচারিক বাস্তবতার সঙ্গেও জড়িত।

সব মিলিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন তার দেশে ফেরার পরিকল্পনাকে নতুন করে আলোচনায় এনেছে। তবে আবেদন দুটি নিয়ে বাংলাদেশ দূতাবাসের সিদ্ধান্ত এবং দেশে ফেরার বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।