রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

প্রকাশিত - ০১ নভেম্বর, ২০২৬   ০৬:১৫ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এ ঘোষণা দেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। ওই বৈঠকশেষে রোববার মজুরি বোর্ড গঠন করার বিষয়টি জানিয়েছিলেন তিনি।

তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। আজ রোববার রাজধানীর মিরপুর এবং গাজীপুরে পোশাকশ্রমিকরা রাস্তা অবরোধ করেছেন। মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গতকাল শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও বিভিন্ন কারখানা-মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। সরকার ও পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ বিষয়ে একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও তাদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। আজকের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।